গ্রাম আদালত পরিচালনায় সারাদেশে প্রথম মাদারীপুর

গ্রাম আদালত পরিচালনা ও মামলা নিষ্পত্তির শতকরা হিসেবে গত ফেব্রুয়ারি মাসে মাদারীপুর জেলা সারাদেশে প্রথম স্থান অধিকার করেছে। এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। 

বিজ্ঞপ্তিতে বলা হয়, চলতি বছরের ফেব্রুয়ারিতে সর্বোচ্চ সংখ্যক ১১৮৮টি মামলা নিষ্পত্তি হয় চট্টগ্রাম জেলায়। তবে ৮৫ ভাগ মামলা নিষ্পত্তি করতে সফল হয় মাদারীপুর জেলা। 

এ সাফল্যের মূল কারিগর হিসেবে জেলার সব ইউনিয়ন চেয়ারম্যান, সেই সাথে সরকারি কর্মকর্তা-কর্মচারী ও জনপ্রতিনিধিদের ধন্যবাদ জানান মাদারীপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খান।

জেলার বিভিন্ন উপজেলার একাধিক বাদী ও বিবাদী সঙ্গে কথা বলে জানা যায়, ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের রাযয়ে তারা সন্তুষ্ট। বলেন, ‘আগে কোর্টে মামলা মোকদ্দমা করলে অনেক ঘোরাঘুরি করতে হতো, টাকা-পয়সা খরচ হতো, সময় ব্যয় হতো, এখন ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতের মাধ্যমে আমরা খুব সহজে বিচার পাই, এতে আমাদের তেমন একটা সময় ব্যয় হয় না।’

গত ফেব্রুয়ারিতে মাদারীপুরে মোট মামলার সংখ্যা ছিল ১০৯টি। এরমধ্যে নিষ্পত্তি হয় ৯২টি (উচ্চ আদালতে পাঠানো হয় ১টি, ইউপি গ্রাম আদালতে নিস্পত্তি ৯১টি)।