জামালপুরের সরিষাবাড়িতে স্কুলছাত্র উজ্জ্বল (১৪) হত্যায় কিশোর গ্যাংয়ের প্রধান পরাণকে ১ নম্বর আসামি করে ৯ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১ এপ্রিল) বিকাল সাড়ে ৪টার দিকে অজ্ঞাতনামা ৬ থেকে ৭ জনের নামে মামলা করেছেন নিহত উজ্জলের বাবা উষর আলী। সরিষাবাড়ি থানার এসআই সিব্বির আহাম্মেদ বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, সরিষাবাড়ি উপজেলার ডোয়াইল ইউনিয়নের চরবালিয়া গ্রামের বাসিন্দা উষর আলীর ছেলে উজ্জল। সে সানাকৈর শেখ খলিলুর রহমান কারিগরি বিদ্যালয়ের অস্টম শ্রেণির ছাত্র। উজ্জল গত বুধবার (২৭ মার্চ) সন্ধ্যায় তার এক বন্ধুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সে রাতে আর বাড়িতে ফিরে আসেনি। পরে তার আত্মীয়-স্বজনেরা চারদিকে খোঁজাখুঁজি করে কোথাও না পেয়ে বুধবার রাতেই থানায় একটি অভিযোগ দায়ের করেন নিহত উজ্জল মিয়ার বাবা। ঘটনার ৪ দিন পর গত ৩১ মার্চ রোববার বিকালে নিহতের প্রতিবেশী রাসেল মিয়ার বাড়ির আঙ্গিনায় এক নারী কাজ করতে ছিলেন। এ সময় পায়খানার টেংকি থেকে গন্ধ বের হয়। পরে ট্যাংকির মুখ খুলে উজ্জল মিয়ার লাশ সনাক্ত করে পরিবারের লোকজন।
নিহত উজ্জল মিয়ার বাবা উষর আলী বলেন, ছেলেডারে বন্ধুরা মাইরা আমার বাড়ির পাশে ট্যাংকির মধ্যে রাইখা গেছে। আমি ছেলে হত্যার উপযুক্ত বিচার চাই।
সরিষাবাড়ী থানার ওসি মুশফিকুর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে টাংকির মধ্যে থেকে লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে ২ জনকে আটক করা হয়েছে।