তেলের ট্যাংকার দ্রুত ছেড়ে দেয়ার দাবি ইরানের

যুক্তরাজ্য কর্তৃক জিব্রালটার প্রণালীতে আটক তেলের ট্যাংকারটি দ্রুত ছেড়ে দেওয়ার দাবি জানিয়েছে ইরান। ইরানের অভিযোগ, যুক্তরাষ্ট্রের নির্দেশে ট্যাংকারটি আটক করা হয়। খবর এএফপি।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা যুক্তরাজ্যের রাষ্ট্রদূতের সঙ্গে এক বৈঠকে ‘যুক্তরাজ্যের এ ধরনের উদ্যোগ অগ্রহণযোগ্য’ বলে বর্ণনা করেন। রাষ্ট্রদূত ইরানের আমন্ত্রণে এ বৈঠকে মিলিত হন।

বিবৃতিতে আরো উল্লেখ করা হয়, রাষ্ট্রদূতকে যত দ্রুত সম্ভব ট্যাংকারটি ছেড়ে দেওয়ার আহ্বান জানানো হয়েছে।

জিব্রালটার কর্তৃপক্ষ জানিয়েছে, ট্যাংকারটি ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-এর নিষেধাজ্ঞা অমান্য করে অশোধিত তেল নিয়ে সিরিয়ার দিকে যাচ্ছিল।

গ্রেস-১ নামক ৩৩০ মিটার (১০০০ মিটার) দীর্ঘ ট্যাংকারটি এমন এক সময় আটক করা হয় যখন ইরান-ইউ সম্পর্কে টানাপড়েন চলছিল। গ্রেস-১ ট্যাংকারটি বৃহস্পতিবার ভোরে ব্রিটিশ রয়্যাল মেরিনস-এর বিশেষ দায়িত্বপ্রাপ্ত সেনার সহায়তায় জিব্রালটারের পুলিশ কাস্টমস এজেন্সি আটক করে।

খবর: বাসস

ইত্তেফাক/জেডএইচ