বিবাদী পক্ষের হুমকি ও পুলিশের হয়রানির অভিযোগ

টাঙ্গাইলের মির্জাপুরে পূর্ব শত্রুতার জেরে বেলাল হোসেন ওরফে মিলন (১৮) নামে এক কিশোরের দুই চোখে টেস্টার ঢুকিয়ে অন্ধ করে দিয়েছেন স্থানীয় মামুনসহ সঙ্গীয় সন্ত্রাসীরা। এ সময় তাকে রড ও লাঠি দিয়েও পেটানো হয়। এ ঘটনায় মিলনের পরিবার থানায় মামলা দায়ের করলে বিবাদী পক্ষও তার নামে তিনটি মিথ্যা মামলা দায়ের করেছে বলে ভুক্তভোগী পরিবারের অভিযোগ। দেওয়া হচ্ছে হুমকি। এমন অবস্থায় ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন মিলনের পরিবার।

১২ এপ্রিল মিলনের সঙ্গে এই বর্বোরচিত ঘটনাটি ঘটে। জানা যায়, সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মিলনের পরিবার প্রথমে মির্জাপুর থানায় মামলা করতে এলে মামুন, আলামিন ও কবিরসহ সন্ত্রাসীদের চাপের মুখে মামলা করতে পারেনি। 

পরে মিলনের মা জাহানারা বেগম বাদি হয়ে মামুন, আলামিন ও কবির গংদের আসামি করে গত ৯ মে টাঙ্গাইলের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলার পর থেকেই সন্ত্রাসীরা অসহায় মিলনের পরিবারকে বিভিন্ন ভাবে হুমকি ও চাপ সৃষ্টি করায় নিরাপত্তাহীনতায় ভুগছেন বলে জানান জাহানারা বেগম। 

আরও পড়ুন: ‘আপনার ছেলে পুলিশে বড়ো চাকরি পেয়েছে, আমরা তদন্তে এসেছি’

এদিকে মিলনের মা জাহানারা বেগম ও বোন নাছরিন অভিযোগ করেন, তাদের নামে পর পর তিনটি মিথ্যা ও সাজানো মামলা করে পুলিশ দিয়ে তাদের হয়রানী করা হচ্ছে। 

এ ব্যাপারে মির্জাপুর থানার উপ পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, মামলার পর আসামি মামুন ও আলামিনকে গ্রেফতার করা হয়েছে। অপর আসামী কবির পলাতক রয়েছে। পুলিশ মিলনের পরিবারকে কোনো হয়রানী করছে না বলে এই পুলিশ কর্মকর্তা দাবি করেন।

ইত্তেফাক/অনি