উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে ওমান প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বৈধ পথে রেমিট্যান্স প্রেরণ করে দেশের অর্থনীতিতে অবদান রাখছেন এমন ব্যক্তিদের মূল্যায়নে ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড- ২০২৪’ প্রদান ও সিআইপি সংবর্ধনা দিয়েছে লুলু এক্সচেঞ্জ।
২০২১, ২০২২ ও ২০২৩ সালে ওমান থেকে দেশে বৈধ চ্যানেলে সর্বোচ্চ রেমিটেন্স প্রেরণ করে বাংলাদেশ সরকার কর্তৃক (কমার্সিয়াল ইম্পরট্যান্ট পার্সন) বা সিআইপি খেতাব প্রাপ্ত ৩০ জনকে দেয়া হয় এই সংবর্ধনা।
লুলু এক্সচেঞ্জের জেনারেল ম্যানেজার লাতিস বিচিত্রাণের সভাপতিত্বে ও ইঞ্জিনিয়ার মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওমান দূতাবাসের কাউন্সিলর (লেবার উইং) মোহাম্মদ রাফিউল ইসলাম।
এসময় দূতাবাসের প্রথম সচিব আসাদুল হকসহ লুলু এক্সচেঞ্জের ডেপুটি জেনারেল ম্যানেজার বিজু নায়ের, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও লুলু এক্সচেঞ্জের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অন্যান্যদের সঙ্গে আরও বক্তব্য রাখেন লুলু এক্সচেঞ্জের বাংলাদেশ বিজনেস প্রধান আহমাদ উল্লাহ।
লুলু এক্সচেঞ্জের এমন চমৎকার উদ্যোগকের প্রশংসা করে, আয়োজক কমিটিকে ধন্যবাদ জানিয়েছেন আগত অতিথি, সিআইপি ও প্রবাসী বাংলাদেশিরা।