সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকি ইউপি চেয়ারম্যানের

ঢাকার নবাবগঞ্জে সাংবাদিকদের শিকল দিয়ে বেঁধে রাখার হুমকির অভিযোগ উঠেছে উপজেলার জয়কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেশমা আক্তারের বিরুদ্ধে। 

মঙ্গলবার (২ এপ্রিল) সকালে নিউজ সংক্রান্ত ব্যাপারে ভোরের কাগজের নবাবগঞ্জ প্রতিনিধি ও নবাবগঞ্জ প্রেস ক্লাবের সহসভাপতি সাহিদুল হক খান ডাবলু তাকে ফোন দিলে তিনি এ হুমকি বলেন।

সাহিদুল হক খান ডাবলু বলেন, একটি নিউজের তথ্যের জন্য সকালে ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে কল দিয়ে পরিচয় দেওয়ার সঙ্গে সঙ্গে উনি ক্ষিপ্ত হয়ে যায়। রেশমা আক্তার বলেন, ‌‘নবাবগঞ্জ প্রেস ক্লাবের কোনো সাংবাদিক আমার ত্রিসীমানা এলে তাকে শিকল দিয়ে বেঁধে রাখব। এটা আমার চ্যালেঞ্জ। আপনার যাকে বলার বলেন, এমপি, মন্ত্রী যাকে পারেন বলেন। আমার কিছুই করতে পারবে না।’ হঠাৎ চেয়ারম্যানের মুখে এমন কথা শুনে তাজ্জব হয়ে যাই। 

এ ঘটনার পর স্থানীয সাংবাদিকদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। একজন চেয়ারম্যান হয়ে সাংবাদিকদের সঙ্গে এমন অসৌজন্যমূলক আচরণ কোনোভাবে মেনে নিতে পারছেন না তারা। কোন ক্ষমতা বলে চেয়ারম্যান এমন আচরণ করলেন ভাবতেই পারছেন না সাংবাদিকরা। তার খুঁটির জোড় কোথায় অনুসন্ধান করবেন স্থানীয় সাংবাদিকরা।

সাংবাদিকদের সঙ্গে অসদাচরণের ব্যাপারে জয়কৃষ্ণপুর ইউপি চেয়ারম্যান রেশমা আক্তারকে কল দিলে তিনি বলেন, এ ব্যাপারে আপনার সঙ্গে কথা বলতে আমি বাধ্য নই। এরপর তিনি সংযোগ বিচ্ছিন্ন করে দেন।