বাংলাদেশে কফি চাষের উজ্জ্বল সম্ভাবনা

 আবুল কাসেম ভূঁইয়া

 

কোমল পানীয় হিসেবে কফি সারা বিশ্বে বিশেষভাবে সমাদৃত। কফি গরম অথবা বরফ শীতল অবস্থায় পান করা যায়। পৃথিবীর অন্যান্য দেশের মত আমাদের দেশে কফির জনপ্রিয়তা রয়েছে। আমাদের দেশে অনেকেই পানীয় চায়ের বদলে কফি পান করে থাকেন। সারা বিশ্বে দুই ধরনের কফি উত্পন্ন হয়ে থাকে। এদের মধ্যে একটির নাম হচ্ছে এরাবিকা এবং অপরটির নাম হচ্ছে রোভাস্টা। আমাদের দেশের বড় বড় শহরগুলোতে অনেক কফি শপ গড়ে উঠেছে। কফি আমাদের দেশের ফলন নয়। পৃথিবীর বিভিন্ন দেশে বাণিজ্যিক ভিত্তিতে কফির চাষ করা হয়। আমাদের দেশে বাণিজ্যিক ভিত্তিতে কফির চাষ শুরু হয়েছে। প্রাপ্ত তথ্য থেকে জানা যায় দেশের বিভিন্ন স্থানে কিছু কিছু উত্সাহী চাষী কফি চাষের উদ্যোগ নিয়েছেন। বিশেষ করে চট্টগ্রামের পার্বত্য এলাকায় কফি চাষের উদ্যোগ নেওয়া হচ্ছে। এ ব্যাপারে বান্দরবানের রুমা উপজেলার কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, জানান কফি চাষের জন্য চট্টগ্রামের পার্বত্য অঞ্চলগুলো উপযুক্ত স্থান। এখানকার জলবায়ু এবং মাটি কফি       চাষের জন্য খুবই উপযোগী। এজন্য কিছু উত্সাহী চাষী   এবং উদ্যোক্তা পার্বত্য এলাকায় কফি চাষের উদ্যোগ নিয়েছেন।

ইতিমধ্যে অনেকেই কফির বাগান করে ফলন পেতে শুরু করেছেন। পার্বত্য এলাকায় কফি চাষের সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য সরকারিভাবে বিভিন্ন উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরো বলেন উষ্ণ এবং আদ্র আবহাওয়ায় কফির   ভালো ফলন হয়। বেশি ঠান্ডা এবং বেশি গরম আবহাওয়া কফির ফলনের জন্য ক্ষতিকর। খোলামেলা জায়গায়  কফিগাছ রোপণ করতে হয়। কফি বাগানে পরিমিত    মাত্রায় সার প্রয়োগ এবং অন্যান্য পরিচর্যা করলেই ভালো ফলন হয়। কফি বাগানে পানি জমে থাকতে পারবে না।  ঢালু জায়গায় কফি গাছ লাগানো উত্তম। অতিরিক্ত গরম এবং দীর্ঘ খরায় কফি গাছ মারা যায়। কফি গাছের জন্য জৈবসার সমৃদ্ধ গভীর উর্বরমাটি উপযুক্ত। কফিবীজ এবং কফির গুঁড়া (পাউডার) উচ্চমূল্য হওয়ার কারণে কফি চাষীরা কফি চাষে এগিয়ে আসছে।

সংশ্লিষ্টরা জানান, কফি চাষে    চাষীরা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রথমতঃ মূলধন সমস্যার কারণে অনেক কৃষক কফি চাষে এগিয়ে আসতে পারছেন না। ভালো বীজ এবং চারার অভাবে        কৃষকরা কফির বাগান তৈরি করতে পারছেন না। কফি চাষের ব্যাপারে জ্ঞানের অভাবে অনেক চাষী কফি বাগানের সঠিক পরিচর্যা করতে পারছেন না। বর্তমানে আমাদের কফির বীজ থেকে কফি পাউডার উত্পাদন          করার জন্য উন্নতমানের প্রক্রিয়াজাতকরণ ব্যবস্থা না       থাকায় কফি চাষিরা কফি উত্পাদন করে বিপাকে আছেন। কফির বীজ প্রক্রিয়াজাতকরণের জন্য উন্নত ব্যবস্থা করতে হবে।