ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করছেন পোপ ফ্রান্সিস

ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করছেন ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস। বুধবার (৩ এপ্রিল) তার সফরের বিষয়ে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি। খবর রয়টার্সের।

ইন্দোনেশিয়া পররাষ্ট্রমন্ত্রী রেটনো মারসুদি জানিয়েছেন, ক্যাথলিক খ্রিষ্টানদের সর্বোচ্চ ধর্মীয় নেতা পোপ ফ্রান্সিস ইন্দোনেশিয়া সফরের পরিকল্পনা করছেন। কিন্তু কবে সফরে আসবেন সে বিষয়ে কিছু জানাননি তিনি।

রেটনো রয়টার্সকে বলেন, সফরের বিষয়ে ভ্যাটিকানের সঙ্গে প্রস্তুতিমূলক কাজ শুরু করে দিয়েছে ইন্দোনেশিয়া সরকার।

রোমান ক্যাথলিক চার্চের প্রধান হলেন পোপ। তিনি এমন একটি পদের অধিকারী যা বিশ্বে অন্য কোনো ধর্মে নেই। বর্তমান বিশ্বের গুরুত্বপূর্ণ কোনো ধর্মেই এমন অনুক্রমিক কাঠামো নেই যার ফলে কোনো একজনকে নেতা মানা হয়। কিন্তু ক্যাথলিক ধর্মে এই কাঠামো রয়েছে।

পোপ এমন এক সংগঠনের নেতা যা প্রায় দুই হাজার বছরের পুরনো। সারা বিশ্বের গির্জাগুলোর কর্তৃত্বের ক্ষেত্রে একটা ক্রমতন্ত্র (চেইন অব কমান্ড) মেনে চলা হয়। আর এই কর্তৃত্বতন্ত্রের নেতৃত্বের ভূমিকা ভ্যাটিকানের। সেই ভ্যাটিকানের শীর্ষ ব্যক্তি হিসেবে পোপ সারাবিশ্বে ক্যাথলিক আদর্শ বিস্তারে নির্দেশনা দিয়ে থাকেন।