প্রতিষ্ঠার ১০ম বছরে পদার্পণ করলো দেশের অন্যতম ই-কমার্স প্রতিষ্ঠান বিক্রয়বাজার ডটকম। বিক্রয়বাজারের প্রতিষ্ঠাতা নুরুন নবী হাসানের হাত ধরে শুরু হয় এই ই-কমার্স প্রতিষ্ঠানটি। ১০ বছরে বাংলাদেশের সম্ভাবনাময় ই-কমার্স ইন্ডাস্ট্রিতে ক্রেতা ও উদ্যোক্তা উভয়ের কাছেই একটি অগ্রগামী প্রতিষ্ঠান হিসেবে জায়গা করে নিয়েছে বিক্রয় বাজার।
বিক্রয়বাজারের শুরুর গল্প সম্পর্কে প্রতিষ্ঠাতা নুরুন নবী হাসান বলেন, গতানুগতিক ব্যবসার বাইরে গিয়ে নতুন কিছু করার প্রত্যয়ে ছাত্রজীবনেই শুরু করি ই-কমার্স ব্যবসা। তখন ই-কমার্স শব্দটিই মানুষের কাছে ছিল নতুন। ঢাকার বাইরে মফস্বলে থেকে শুরু করা ছিল আমার জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। শুরুর দিকে ই-ক্যাব গ্রুপ এবং তৎকালীন ই-ক্যাব সভাপতি রাজীব ভাইয়ের পরামর্শ ছিল আমার এগিয়ে যাওয়ার মূল প্রেরণা। শুরু থেকে ফেসবুক পেজ কেন্দ্রিক ব্যবসা শুরু হলেও খুব অল্প সময়ে তা ওয়েবসাইট ভিত্তিক বিজনেসে রূপান্তর হয়। বর্তমানে তার প্রতিষ্ঠানে কাজ করেন ৪০ জনের বেশি কর্মচারী।
বিক্রয়বাজারের হাত ধরে গড়ে উঠেছে আরও শত শত ই-কমার্স প্রতিষ্ঠান। বিক্রয়বাজারের পাশাপাশি অন্যান্য ই-কমার্স ব্যবসায়ীদের জন্য শুরু করেন পাইকারি পণ্য বিক্রি। ঢাকার মিরপুর, চকবাজার এবং অনলাইনে ১২০০ এর বেশি সেলার এবং ই-কমার্স উদ্যোক্তা আছেন যারা সরাসরি নুরুন নবী হাসান থেকে পণ্য নিয়ে সফল ই-কমার্স ব্যবসা দাঁড় করেছেন। পণ্য বিক্রির পাশাপাশি ই-কমার্স ব্যবসায়ীদের প্রয়োজনীয় সকল সেবা - ডিজিটাল মার্কেটিং, ওয়েবসাইট, সোশাল মিডিয়া, উদ্যোক্তাদের বাকিতে পণ্য দেওয়া ইত্যাদি সকল সুবিধা পাওয়া যায় বিক্রয়বাজারে।
বিক্রয়বাজারের প্রতিষ্ঠাতা নুরুন নবী হাসান ই-কমার্স অ্যাসোসিয়েশন (ই-ক্যাব) এর সেলার ফোরামের চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরেই ই-কমার্স এর উন্নয়নে বিভিন্ন ধরনের কাজ করে যাচ্ছেন। বিভিন্ন ধরনের ট্রেনিং, সেমিনার, ওয়ার্কশপ আয়োজন এবং মার্কেটপ্লেসের সঙ্গে সেলারদের সম্পর্ক উন্নয়নে কাজ করছেন। নুরুন নবী হাসানের স্বপ্ন ছিল দেশের সব যায়গায় তার পণ্য পৌঁছে দেওয়ার পাশাপাশি সফল ই-কমার্স উদ্যোক্তা গড়ে তোলার।
দেশের ই-কমার্স ইন্ডাস্ট্রির উন্নয়নে আরও বেশি ভূমিকা রাখতে চান নুরুন নবী হাসান।
ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে হাসান বলেন, ই-কমার্স অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (ই-ক্যাব) এর মাধ্যমে দেশের ই-কমার্স ইকোসিস্টেমের উন্নয়ন এবং ক্ষুদ্র উদ্যোক্তাদের এগিয়ে নিয়ে যেতে আরও বেশি কাজ করতে চাই।