২০২৪ সালের ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার এশিয়া অঞ্চলের আঞ্চলিক বিজয়ী ঘোষণা করেছে ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশন কর্তৃক এশিয়া অঞ্চলের সহযোগী দৃক পিকচার লাইব্রেরি। এবছর নির্বাচিত আলোকচিত্রসমূহ প্রত্যেকটি মহাদেশ হতে বিশিষ্ট ও অপেক্ষাকৃত উপেক্ষিত আলোকচিত্র সাংবাদিক এবং তথ্য আলোকচিত্রীদের কাজ তুলে ধরছে।
নির্বাচিত ছবিগুলো দর্শকদেরকে প্রচলিত খবরের বাইরে দেখার জন্য উদ্বুদ্ধ করবে এবং সারা দুনিয়ার গুরুত্বপূর্ন ও এড়িয়ে যাওয়া ঘটনাসমূহকে আরও গভীরভাবে পর্যবেক্ষন করতে আহ্বান করবে।
বুধবার (৩ মার্চ) বিকালে একটি ওয়েবিনারের মাধ্যমে বিজয়ীদের নাম ঘোষণা করা হয়। দৃকের মহাব্যবস্থাপক এএসএম রেজাউর রহমান এবং ওয়ার্ল্ড প্রেস ফটো প্রতিযোগিতার পরিচালক আনা লেনা মেহর এই আয়োজনে বিজয়ী আলোকচিত্রীদের সাথে মতবিনিমিয় করেন।
এ বছর এশিয়া অঞ্চলের বিজয়ী আলোকচিত্রগুলো হলো: একক বিভাগে রয়টার্সের প্যালিস্টিনিয়ান আলোকচিত্রী মোহাম্মাদ সালেমের ‘এ প্যালেস্টিনিয়ান উইমেন এমব্রেসেস দ্যা বডি অব হার নিস’; গল্প বিভাগে অ্যাসোসিয়েটেড প্রেসের ইরানি আলোকচিত্রী ইব্রাহিম নুরূজির ‘আফগানিস্থান অন দ্যা এজ’; ওপেন ফরম্যাট বিভাগে জাপানের কিয়োটো শিমবান পত্রিকার কাজুহিকো মাতসুমুরার ‘হার্টস্ট্রিংস’; এবং দীর্ঘমেয়াদী প্রকল্প বিভাগে চাইনিজ আলোকচিত্রী ওয়াং নাইগং এর কাজ ‘আই এ্যাম স্টিল উইদ ইউ’। পাশাপাশি বৈশ্বিক বিচারকমণ্ডলী কর্তৃক নির্বাচিত বিশেষ সম্মাননা বিজয়ী আলোকচিত্র নির্বাচিত হয়েছে ভারতের জিশান এ লতিফের কাজ ‘দ্যা এজ’।
এ বছর ২৪টি বিজয়ী ছবির সঙ্গে ৬টি অঞ্চল থেকে ৬টি সম্মানসূচক মনোনীত ছবি থাকছে। একইসাথে এ বছর বিচারকরা সর্বসম্মতিক্রমে এবং বিশেষ বিবেচনায় দুটি ছবিকে উল্লেখযোগ্য হিসেবে ঘোষণা করেছেন। বিজয়ী ছবিগুলো ওয়ার্ল্ড প্রেস ফটোর বাৎসরিক প্রদর্শনীতে দুনিয়াব্যাপী ৬০টির বেশী শহরে লক্ষ লক্ষ মানুষের সামনে প্রদর্শন করা হবে। ১৩০টি দেশের ৩,৮৫১ জন আলোকচিত্রীর জমা দেওয়া ৬১,০৬২ ছবি থেকে বিজয়ী ছবিগুলো বেছে নেওয়া হয়েছে। প্রথমে ছয়জন আঞ্চলিক বিচারক কর্তৃক প্রতিযোগীদের আলোকচিত্রগুলো নির্বাচিত হয় এবং পরবর্তীতে আঞ্চলিক বিচারকদের সভাপ্রধান ও বৈশ্বিক বিচারকমণ্ডলীর সভাপ্রধানের সমন্বয়ে তৈরি একটি বৈশ্বিক বিচারকমণ্ডলী চূড়ান্ত বিজয়ীদের নির্বাচন করেন। এবারে বৈশ্বিক বিচারকমণ্ডলীর সভাপ্রধান ছিলেন গার্ডিয়ান পত্রিকার আলোচিত্র বিভাগের প্রধান ফিওনা শিল্ডস।
ওয়ার্ল্ড প্রেস ফটো ফাউন্ডেশনের কার্যনির্বাহী পরিচালক, জৌমানা এল জেইন খৌরি বলেন: “প্রতিবছর হাজার হাজার এন্ট্রির মধ্য থেকে যে গল্পগুলো বলা জরুরি, চিত্তগ্রাহী এবং আমাদের সমন্বিত পৃথিবীর প্রতিনিধিত্ব করে এমন ছবিগুলো বেছে নেন আমাদের বিচারকরা। এবছরের ছবিগুলোর মধ্যে যেমন রয়েছে মরিয়া মানুষের গল্প, ক্ষুধা, যুদ্ধ এবং হারানো বেদনা তেমনি রয়েছে টিকে থাকা, সাহস, ভালোবাসা, পরিবার, স্বপ্ন এবং যে কারো প্রত্যাশার থেকে বেশী প্রজাপতি।”
বৈশ্বিক বিচারকমণ্ডলীর সভাপ্রধান ফিওনা শিল্ডস বলেন, “চূড়ান্ত নির্বাচিত কাজগুলো আমাদের বর্তমান পৃথিবীর আখ্যান, যার মূলে রয়েছে এমন সব ছবি যেগুলো আমরা বিশ্বাস করি শ্রদ্ধা এবং বিশুদ্ধতা দিয়ে তৈরি, বৈশ্বিক বিষয়ের প্রতিনিধিত্ব করে এবং এগুলোর প্রভাব তাদের উৎপত্তির স্থল থেকে বহুদূর বিস্তৃত।
সকল স্থানের আলোকচিত্র সাংবাদিকতা এবং ডকুমেন্টারি আলোকচিত্রের জয়গান গাওয়ার এটি একটি দারুণ সুযোগ – যেগুলো সাহস, বুদ্ধিমত্তা এবং সততার সাথে তোলা হয়েছে – এবং এই গল্পগুলোর গুরুত্বকে আরও ছড়িয়ে দেওয়া যা অনেকক্ষেত্রেই তোলা হয়েছে অচিন্তনীয় পরিস্থিতিতে।”
ওয়ার্ল্ড প্রেস ফটোর অঞ্চলিক অংশীদার দৃক পিকচার লাইব্রেরির ব্যবস্থাপনা পরিচালক শহিদুল আলম বলেন, “আমরা সম্ভবত এ যাবৎকালের ইতিহাসে সর্বোচ্চ সংখ্যক সাংবাদিকের মৃত্যুর পুনরাবৃত্তি প্রত্যক্ষ করছি। যেখানে বিশ্বনেতৃবৃন্দের আপাত অথর্বতা প্রকাশ পাচ্ছে, সেখানে একদল সাহসী বিচারক ইতিহাসের সঠিক পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তারা ক্ষমতাবান রাষ্ট্র এবং তাদের গণমাধ্যমের অন্তহীন অপপ্রচারকে অস্বীকার করে গণমানুষের ইচ্ছা এবং যেসকল আলোকচিত্রী তাদের প্রতিনিধিত্ব করে তাদের কণ্ঠস্বরে সাড়া দিয়েছেন। আমি তাদের সাহসের এবং যেসকল নর-নারী ন্যায় প্রতিষ্ঠার জন্য জীবন দিয়ে যাচ্ছেন, সকলকে অভিবাদন জানাই।”
এবছরের চারজন বৈশ্বিক বিজয়ী এবং ‘ওয়ার্ল্ড প্রেস ফটো অব দ্যা ইয়ার’ ঘোষনা করা হবে ওয়ার্ল্ড প্রেস ফটোর ফ্ল্যাগশিপ আলোকচিত্র প্রদর্শনী ২০২৪ এ, যা অনুষ্ঠিত হবে নেদারল্যান্ডসের দ্যা নিউভে কার্কে। উক্ত প্রদর্শনীটি একইসঙ্গে অনলাইনেও দেখানো হবে ১৮ এপ্রিল ২০২৪, সকাল ১১:০০ টায় (আমস্টারডাম সময়)। এই বৈশ্বিক প্রদর্শনীটি আমস্টারডাম, লন্ডন, বার্লিন, রোম, মেক্সিকো সিটি, রিও ডি জেনিরো, হংকং, তাইপে, সিডনি, টরোন্টো ও তিউনিসহ পৃথিবীর ৬০টির অধিক শহরে প্রদর্শিত হবে।