কুষ্টিয়ার ভেড়ামারায় পূর্ব শত্রুতার জের ধরে জাসদ ছাত্রলীগের নেতা নাইফ আহমেদ তুষারকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শুক্রবার (৫ এপ্রিল) রাত ৮টার দিকে ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়নের গোলাপনগর বাজারে প্রকাশ্যে এ হামলার ঘটনা ঘটে।
নিহত নাইফ আহমেদ তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদকের দায়িত্বে ছিলেন ও গোলাপনগর কদমতলা এলাকার ৪নং ওয়ার্ড জাসদের সভাপতি রবিউল ইসলামের ছেলে।
ভেড়ামারা থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ-সম্পাদক নাইফ আহমেদ তুষার গোলাপনগর বাজারে রাত সাড়ে ৮টার দিকে রবিউল নামের এক ব্যক্তির চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন। এসময় ১২ থেকে ১৫টি মোটরসাইকেল চায়ের দোকানে সামনে থামে। প্রায় ৩৫ থেকে ৪০ জনের একদল দুর্বৃত্ত মোটরসাইকেল থেকে নেমেই নাইফ আহমেদ তুষারকে চায়ের দোকানের মধ্যে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপাতে থাকে। এক পর্যায়ে নাইফ আহমেদ তুষার দৌড় দিয়ে পালানোর চেষ্টা করলে তেড়ে ধরে বাজারের মধ্য প্রকাশ্যে আবারও কুপাতে থাকে। স্থানীয়রা ছুটে আসলে গুরুতর জখম করে রাস্তায় ফেলে রেখে দূর্বৃত্তরা চলে যায়।
ছাত্রলীগ নেতা নাইফ আহমেদ তুষারের পায়ে, হাতে, বুকে ও মাথাসহ ও শরীরের বিভিন্ন অংশে রামদার আঘাতে মারাত্মক জখম করা হয়েছে বলে তার স্বজন ও দলীয় নেতারা জানান।
পরে স্থানীয়রা আহতকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে প্রথমে ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কর্তব্যরত চিকিৎসকরা আহতের অবস্থা অবনতি হলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১ টার দিকে নাইফ আহমেদ তুষার মারা যায়।
ভেড়ামারা উপজেলার মোকারিমপুর ইউনিয়ন জাসদের সাধারণ সম্পাদক ও সাবেক চেয়ারম্যান বেনজির আহমেদ বেনু বলেন, নাইফ আহমেদ তুষার মোকারিমপুর ইউনিয়ন জাসদ ছাত্রলীগের সহ সম্পাদক ছিলেন। আসামীদের চিহ্নিত করা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। এ ঘটনা তীব্র নিন্দা প্রতিবাদ জানিয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জানাই।
ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম বলেন, এ ঘটনার সাথে সাথেই ঘটনাস্থলে পুলিশ যায়। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে। পূর্ব শত্রুতার জের ধরে এঘটনা ঘটেছে বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত বলতে পারবো। পুলিশ এলাকায় সতর্ক অবস্থায় রয়েছে।