কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে ভারতের নির্বাচনে প্রভাব খাটাতে চাইছে চীন। আমেরিকান তথ্যপ্রযুক্তি সংস্থা মাইক্রোসফটের সাম্প্রতিক এক রিপোর্টে এই আশঙ্কা প্রকাশ করা হয়েছে। শুধু ভারত নয়, চীনের নিশানায় রয়েছে দক্ষিণ কোরিয়া ও আমেরিকার নির্বাচনও।
‘সেম টার্গেটস, নিউ প্লেবুকস’ নামের এই রিপোর্টে বলা হয়েছে, ‘‘অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নির্বাচনগুলোতে সামাজিক মাধ্যমের সাহায্যে, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে, চীন কোনো না কোনো ফায়দা তুলতে চাইবে।’’ রিপোর্টে দাবি করা হয়েছে যে, নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বিভিন্নভাবে অন্য দেশের নির্বাচনে প্রভাব খাটাতে চায় চীন। এভাবে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে চীন, ভারত বা আমেরিকার মতো দেশের নির্বাচনের ফলাফলে আপাতত কোনো প্রভাব ফেলতে না পারলেও এই বিষয়ে তারা এই নিয়ে পরীক্ষানিরীক্ষা চালিয়ে যাবে বলেই মনে করেন এই রিপোর্টের গবেষকেরা।
রিপোর্টে বলা হয়েছে, গত জানুয়ারি মাসে তাইওয়ানে প্রেসিডেন্ট নির্বাচনে এভাবেই প্রভাব খাটাতে চেয়েছিল বেইজিং। মাইক্রোসফটের মতে, কোনো রাষ্ট্র কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে এভাবে অন্য রাষ্ট্রের নির্বাচনে প্রভাব খাটানোর চেষ্টা করছে, তাইওয়ান নির্বাচনের আগে এমন ঘটনা তাদের চোখে পড়েনি। সেই প্রসঙ্গেই তথ্যপ্রযুক্তি সংস্থাটির হুঁশিয়ারি, ‘শুধু তাইওয়ানের নির্বাচনে প্রভাব খাটিয়েই থেমে থাকবে না চীন। তাদের লক্ষ্য আরো অনেক দূর। এবং এর জন্য তারা ক্রমাগত উন্নততর প্রযুক্তি ব্যবহার করে চলেছে।’
মাইক্রোসফটের রিপোর্ট অনুযায়ী, ২০২৩-এর জুন থেকে চীন ও উত্তর কোরিয়া থেকে লাগাতার সাইবার আক্রমণ চালানো হচ্ছে।