ঢামেকে রোগীদের ইফতার দিলো ট্রিটমেন্ট কমিউনিটি

ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের উদ্যোগে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের হেমোটোলজি বিভাগে রোগীদের জন্য ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

রবিবার (৭ এপ্রিল) হাসপাতালে ভর্তি রোগী ও অ্যাটেন্ডেন্টদের মাঝে ইফতার বিতরণ করা হয় এবং রোগীদের রোগমুক্তির জন্য দোয়া ও মোনাজাতের আয়োজন করা হয়।

পরে ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে ক্যান্সার ও ব্রেন টিউমারে আক্রান্ত পাঁচজন দরিদ্র রোগীর প্রত্যেককে ৩০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সচিব আনোয়ারুল ইসলাম সিকদার এনডিসি, ঢাকা মেডিকেলে কলেজ হাসপাতালের সাবেক ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক আব্দুল হানিফ টাবলু, জাতীয় ক্যান্সার গবেষণা ইনস্টিটিউটের ক্যান্সার এপিডেমিওলজি বিভাগের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন, ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মনিরুল ইসলাম মিলন প্রমুখ।

এসময় বিভিন্ন হাসপাতালের চিকিৎসক, সরকারি-বেসরকারি কর্মকর্তা ও ফাউন্ডেশনের সদস্যরাও উপস্থিত ছিলেন।

ট্রিটমেন্ট কমিউনিটি ফাউন্ডেশনের যাকাত কমিটির সভাপতি ডা. মনিরুল ইসলাম জানান, ফাউন্ডেশনের যাকাত ফান্ড থেকে রোগীদের আর্থিক সহায়তা প্রদানের সুযোগ রয়েছে। যাকাত সহায়তার জন্য রোগীকে যাকাতের হকদার হতে হবে এবং জটিল রোগের কারণে বাংলাদেশে সরকারি হাসপাতালে অথবা অলাভজনক হাসপাতালে চিকিৎসা গ্রহণ করছে এমন হতে হবে।

 

ইফতার কমিটির আহবায়ক মোহাম্মদ নাইমুল হাসান জানান, হাসপাতালে ভর্তি রোগী ও রোগীর সঙ্গে থাকা লোকজন নানান চাপে থাকেন, এতে অনেকের ঠিকমতো ইফতার করা হয় না। তাদের অসুবিধার কথা চিন্তা করেই আমরা হাসপাতালে ইফতার আয়োজন করেছি।

সংগঠনটির সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন জানান, ২০১৬ সাল থেকে রোগীদের কল্যাণে ট্রিটমেন্ট কমিউনিটি নানা ধরনের কার্যক্রম পরিচালনা করে আসছে। সম্প্রতি সরকারের নিবন্ধন প্রাপ্তির পর রোগীদের কল্যাণে আরও নতুন নতুন কার্যক্রম যুক্ত করার পরিকল্পনা রয়েছে।