ট্রেনে সন্তান প্রসব করালেন ডা. নাজমিন, বাহবা দিচ্ছেন সবাই

নবজাতক ও শিশু বিশেষজ্ঞ ডা. নাজমিন আক্তার বগুড়ার টিএমএসএম মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী। বর্তমানে চুয়াডাঙ্গায় নিজের চেম্বারে রোগী দেখেন। রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনের ‘ঙ’ বগিতে চড়ে আলমডাঙ্গা থেকে রাজশাহীতে ফিরছিলেন তিনি।

ট্রেনটি ভেড়ামারা স্টেশনে আসলে ট্রেনের মাইকে ঘোষণা দিয়ে জানতে চাওয়া হয় ট্রেনে কোনো চিকিৎসক আছেন কি না? একজন নারীর প্রসবে সহায়তা করতে হবে। যাত্রী ছিলেন ‘ঙ’ বগির পাশের ‘চ’ বগিতেই।

পাশের বগিতে থাকায় দ্রুতই সেখানে চলে যান ডা. নাজমিন। গিয়ে দেখেন, সেখানে আরেকজন মিডওয়াইফও রয়েছেন। আর প্রসূতি ভদ্রমহিলা ব্যথায় কাতরাচ্ছিলেন। তখন বগিতে থাকা অন্যান্য যাত্রীরা তাদের ব্যাগ থেকে বের করে দেন কাপড়। তা দিয়ে বগির ভেতরে ‘ওটি’ তৈরি করা হয়। ডা. নাজমিনের তত্ত্বাবধানে কোনো বিপদ ছাড়া মাত্র ১০ মিনিটে বাচ্চা ডেলিভারি করা হয়। 

পরে ডা.  নাজমিন বলেন, ‘যাই হোক, ঘটনাক্রমে একটা খুব ভালো কাজের সাক্ষী হয়ে গেলাম। ওই ঘটনার পর আজ অনেকেই কল দিয়েছেন।’

ঈদযাত্রায় খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী আন্তনগর কপোতাক্ষ একপ্রেস ট্রেনে সোমবার (৮ এপ্রিল) বেলা ১১টা ৪০ মিনিটে ছেলে সন্তানের জন্ম দেন স্বর্ণা আক্তার (২০)। স্বর্ণা আক্তার ঝিনাইদহের জেলার মহেশপুর উপজেলার হুগরি পান্তাপাড়া গ্রামের সৌদি আরব প্রবাসী ইয়াসিন আরাফাতের স্ত্রী।

ট্রেনে কর্তব্যরত পরিচালক (গার্ড) ইলিয়াস কবীর সাংবাদিকদের জানান, সোমবার সকালে খুলনা থেকে রাজশাহীগামী আন্তঃনগর কপোতাক্ষ এক্সপ্রেস ট্রেনটি খুলনা থেকে ছেড়ে আসে। সকাল সোয়া ৯টার দিকে দর্শনা রেলস্টেশনে পৌঁছালে ওই প্রসূতি তার পরিবারসহ ‘ঙ’ নম্বর বগিতে ওঠেন। ট্রেনটি বেলা পৌনে ১১টার দিকে ভেড়ামারা রেলস্টেশনে এলে ওই নারীর প্রসব বেদনা শুরু হয়।

তাৎক্ষণিকভাবে ট্রেনে কোনো চিকিৎসক আছেন কি না জানতে চেয়ে মাইকে ঘোষণা দেওয়া হয়। ঘোষণা শুনে ডা. নাজমিন দ্রুত ‘ঙ’ নম্বর বগিতে এসে নিজের পরিচয় দেন। পরে তার সহযোগিতায় ১১টা ৪০ মিনিটে একটি ছেলেসন্তান জন্ম দেন ওই নারী।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহ সুফী নুর মোহাম্মদ জানান, ট্রেনটি রাজশাহী স্টেশনে পৌঁছানোর পর রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সহযোগিতায় উন্নত চিকিৎসার জন্য রাজশাহীর একটি ক্লিনিকে পাঠানো হয়।

এদিকে স্বর্ণা আক্তার ও তার নবজাতক সন্তানের জন্য উপহারসামগ্রী পাঠিয়েছেন রেলমন্ত্রী জিল্লুল হাকিম। মঙ্গলবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্টের অফিসে স্বর্ণা আক্তারের হাতে রেলমন্ত্রীর পাঠানো উপহারসামগ্রী হস্তান্তর করেন পশ্চিমাঞ্চল রেলওয়ের মহাব্যবস্থাপক (জিএম) অসীম কুমার তালুকদার।