কথা কাটাকাটির জের ধরে দুই ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়েছে কিশোর গ্যাংয়ের সদস্যরা। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে নাটোরের লালপুর বাজারে ওই হামলা হয়েছে। স্থানীয়রা আহত দুই ব্যবসায়িকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
আহতরা হলেন, উপজেলার নুরুল্লাহপুর গ্রামের ওমরের ছেলে আহি (২১) ও রামকৃষ্ণপুর গ্রামের জমির মণ্ডলের ছেলে আশিকুজ্জামান (২৮)। এ ঘটনায় কিশোর গ্যাংয়ের সদস্য একই এলাকার অপূর্ব, সিয়াম, রায়হানসহ অজ্ঞাতনামা ৫ থেকে ৬ জনকে অভিযুক্ত করে লালপুর থানায় মামলা হয়েছে। তবে পুলিশ অভিযুক্ত কিশোর গ্যাংয়ের কোনো সদস্যকে গ্রেপ্তার করতে পারেনি।
লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জরুরী বিভাগের চিকিৎসক বলেন, আহত দুই ব্যক্তির হাতে এবং পায়ে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। পরীক্ষা নিরীক্ষার পর শরীরের অন্যান্য আঘাতের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।
বাজারের ব্যবসায়ীরা জানান- লালপুর বাজারের চাদের হাট ব্যবসায়ী আহির উদ্দিনের সঙ্গে বিক্রয় প্রতিনিধি মাসুমের কথা কাটাকাটি হয়। আহির উদ্দিন ওই বাজারের কসমেটিকস ব্যবসায়ী। কথা কাটাকাটির জেরে বিক্রয় প্রতিনিধি মাসুম তার পূর্ব পরিচিত কিশোর গ্যাংয়ের অপূর্ব, সিয়াম, রায়হানসহ ছয়জনকে নিয়ে ব্যবসায়ীর ওপর অতর্কিত হামলা চালান।
এসময় দোকান ভাঙচুর শেষে চাপাতি দিয়ে দুই দোকানিকে কুপিয়ে জখম করা হয়। পরে বাজারের অন্য ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
হামলার পর পরই হামলাকারী কিশোর গ্যাংয়ের সদস্য গ্রেপ্তারের দাবি জানিয়ে বিক্ষোভ মিছিল করেন বাজারের ব্যবসায়ী সমিতির সদস্যরা।
লালপুর বাজার বণিক সমিতির সভাপতি ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক পলাশ বলেন, ঈদের আগে ব্যবসা প্রতিষ্ঠানে ঢুকে ব্যবাসয়ীদের ওপর হামলার ঘটনাটি খুবই দুঃখজনক। ঘটনার পর থেকে আতংকে বাজারে ক্রেতা কমেছে। তারা হামলাকারীদের গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানান।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাছিম আহম্মেদ বলেন, হামলার খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশ কাজ করছে।