অস্ট্রেলিয়ায় শাবনূরের বৈশাখ

ঢালিউডের জনপ্রিয় নায়িকা শাবনূর বর্তমানে অস্ট্রেলিয়ার সিডনিতে স্থায়ীভাবে বসবাস করেন। কিছুদিন আগেই বাংলাদেশ থেকে ঘুরে গেলেন। বাংলা নববর্ষ সেখানেই উদযাপন করেছেন তিনি। এদিনের নিজের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শাবনূর।

ছবিতে দেখা যায়, পুরোপুরি বাঙালি সাজ দিয়েছিলেন শাবনূর। লাল শাড়ি পরা ছবির ক্যাপশনে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এসো হে বৈশাখ… সবাইকে বাংলা নতুন বছরের শুভেচ্ছা। শুভ নববর্ষ।’

গত বছরের শেষের দিকে বাংলাদেশে এসে শাবনূর কয়েকটি সিনেমার চিত্রনাট্য শুনেন, ফটোসেশনে অংশ নেন এবং ‘রঙ্গনা’ সিনেমার মহরত করেন।

মহরতের পর সিনেমাটির শুটিং শুরু করবেন শাবনূর এমনটাই ভেবেছিলেন তার ভক্তরা। কিন্তু সবাইকে অবাক করে দিয়ে ফেব্রুয়ারির শেষ দিকে সিডিনিতে ফিরে যান শাবনূর। হুট করে দেশ ছাড়ার খবরে সে সময়ে কিছু গুজব তৈরি হলেও পরে শাবনূর নিজেই জানান, সময় হলে সিনেমার কাজ শুরু করতে ঢাকায় ফিরবেন তিনি।

চলতি বছরের শুরুতে জানা যায়, চয়নিকা চৌধুরী পরিচালিত ‘মাতাল হাওয়া’ সিনেমায় মাহফুজ আহমেদের বিপরীতে অভিনয় করবেন শাবনূর। কিন্তু শাবনূর জানান, সিনেমাটিতে কাজের বিষয় এখনো চূড়ান্ত হয়নি।

শাবনূর অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত চলচ্চিত্র ‘পাগল মানুষ’। এটি পরিচালনা করেন এমএম সরকার ও বদিউল আলম খোকন। ২০১৮ সালে মুক্তি পায় এটি।