নিখোঁজের তিনদিন পর পুকুরে মিললো শিশুর লাশ

শ্রীপুরের মাওনা ইউনিয়নের পিয়ার আলী কলেজের পুকুর থেকে মো. সিয়াম নামের এক স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৭ এপ্রিল) সকালে লাশের সন্ধান পাওয়া যায়। পরে শ্রীপুর থানা পুলিশ এসে লাশটি উদ্ধার করে। শিশুটি গত ১৪ এপ্রিল থেকে নিখোঁজ ছিল।

শিশু সিয়াম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর উপজেলার চরকাটিহাড়ি গ্রামের কনক মিয়ার ছেলে। সে বাবা-মায়ের সঙ্গে কলেজের পাশে ইজ্জত আলী ফকিরের বাড়িতে ভাড়া থাকতো। তার বাবা কনক মিয়া ক্ষুদ্র ব্যবসায়ী ও মা গৃহিণী। সিয়াম স্থানীয় চাইল্ডহুড স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্র। 

স্থানীয় লোকজন জানান, কলেজের পেছনেই পিয়ার আলী কলেজের পুকুর। বুধবার সকালে এক পথচারী পানিতে লাশটি ভাসতে দেখেন। লাশটিটি সিয়ামের বলে সনাক্ত করে তার পরিবার। পরে পুলিশ এসে পানি থেকে ভাসমান অবস্থায় সিয়ামের লাশ উদ্ধার করে।

শিশুর পরিবারের লোকজন জানায়, গত ১৪ এপ্রিল দুপুরে সিয়াম নিখোঁজ হয়। সিয়াম সাঁতার জানতো না বলে পরিবারের লোকজন জানায়।

শ্রীপুর থানার এসআই মো. ইসমাইল বলেন, ‘আমরা পুকুরে ভাসমান অবস্থায় স্কুল ছাত্রের লাশ উদ্ধার করেছি। মৃত্যুর কারণ ময়নাতদন্ত করলেই জানা যাবে।’