নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহীন মারা গেছেন

নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম শাহীন মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ২৫ বছর।

মঙ্গলবা র(১৬ এপ্রিল) রাত সাড়ে ১০টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মৃত্যুকালে বাবা, মা, ভাইসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।

শরিফুল ইসলাম শাহীন নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের কৃষ্ণপুর গোয়াল দিঘি গ্রামের জাকির হোসেনের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে হঠ্যৎ অসুস্থ্য হয়ে পড়লে তাকে নাটোরে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়। এরপর বিকেল ৫টার দিকে তার অবস্থার অবনতি হলে তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত সাড়ে ১০টার দিকে তার মৃত্যু হয়।

তার অকাল মৃত্যুতে নাটোর-৩ আসনের সংসদ সদস্য এবং ডাক, টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী অ্যাড. জুনাইদ আহমদ পলক, নাটোর-২ আসনের সংসদ সদস্য মো. শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য অ্যাড. আবুল কালাম আজাদ, নাটোর-৪ আসনের সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারি, নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরি জলি, জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজসহ আওয়ামীলীগ, যুবলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মীরা গভীর শোক প্রকাশ করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

২০২২ সালের ২২ ফেব্রুয়ারি বাংলাদেশ ছাত্রলীগের তৎকালীন সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে নাটোর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিসেবে শাহীনকে দায়িত্ব দেওয়া হয়।