পল্টনে ছাদ থেকে লাফিয়ে পড়ে নারীর মৃত্যু 

রাজধানীর পুরানা পল্টনে একটি ৬ তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক নারী মারা গেছে। বুধবার (১৭ এপ্রিল) পুরানা পল্টনের ৫৯/৩ নম্বরের বাড়িতে এ ঘটনা ঘটে। 

নিহত নারী মঞ্জুরী আফরোজ (৫৫) ওই বাড়ির মৃত সেলিম উল্লাহের মেয়ে। ডিএমপির পল্টন থানার উপ-পরিদর্শক (এসআই) মো. সুফিয়ান বিষয়টি নিশ্চিত করেন। 

এসআই মো. সুফিয়ান বলেন, মঞ্জুরী আফরোজের মানসিক সমস্যা ছিল। সকালে তার বাবার নিজ বাড়িতে সবার অগোচরে ছয় তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে নিচে পড়ে ঘটনাস্থলেই মারা যান তিনি।

তিনি আরও জানান, মঞ্জুরীর মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।