ঘরে-বাইরে অসহ্য গরম। বাতাসে বইছে আগুনের হল্কা। সপ্তাহজুড়ে টানা দাবদাহে পুড়ছে পাবনার ঈশ্বরদী। খাঁ খাঁ রোদে ঈশ্বরদী শহরের ব্যস্ততম সড়কগুলোতে লোক চলাচল কমে গেছে। খুব বেশি প্রয়োজন না হলে কেউ বাড়ি থেকে বের হচ্ছে না।
ঈশ্বরদী আবহাওয়া অফিসের সহকারী পর্যবেক্ষক নাজমুল হক রঞ্জন জানান, ১৭ এপ্রিল বিকাল ৩টায় ঈশ্বরদীতে ৪০ দশমিক ৫ ডিগ্রি তাপমাত্রা রেকর্ড হয়েছে। এর আগে ১৫ এপ্রিল ৩৯ দশমিক ৫ ডিগ্রি এবং ১৬ এপ্রিল ৩৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছে। ঈশ্বরদীতে বইছে তীব্র দাবদাহ।
ভ্রাম্যমাণ চা বিক্রেতা রওশন আলী বলেন, সড়ক আগুনের মতো গরম হয়ে তেঁতে গেছে। গরমের কারণে মানুষজন এখন চা খুব একটা খাচ্ছে না। তাই বেচাকেনা নেই।
স্থানীয়রা আরও জানান, উপজেলাজুড়ে তীব্র পানি সংকট দেখা দিয়েছে। পৌরসভার পানি বিভাগের সহকারী প্রকৌশলী প্রবীর বিশ্বাস বলেন, সাপ্লাই লাইনে পানি সরবরাহের জন্য সবকটি মেশিন চালিয়েও পানি সরবরাহ করতে কষ্ট হচ্ছে। খরা মৌসুমের শুরুতেই এবারে ভূগর্ভস্থ পানির স্তর অনেক নিচে নেমে গেছে।