অটিস্টিক স্কুলের অভিভাবক ও শিক্ষকদের সঙ্গে ইউএনও'র মতবিনিময়

চট্টগ্রামের সীতাকুণ্ডে জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের স্কুলের অভিভিবক ও শিক্ষকদের সঙ্গে প্রতিষ্ঠানটির সভাপতি উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) কেএম রফিকুল ইসলামের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৭ এপ্রিল) সকাল ১১টায় পৌরসভার শিবপুরে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জানা যায়, জালাল আহম্মদ অটিস্টিক ও প্রতিবন্ধী বিদ্যালয়ের সহসভাপতি সীতাকুণ্ড প্রেস ক্লাবের সিনিয়র সাংবাদিক মীর মো. দিদারুল হোসেন টুটুলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কুলের সভাপতি উপজেলা নির্বাহী অফিসার কেএম রফিকুল ইসলাম। 

si-2

এছাড়া মতবিনিময় সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ সীতাকুণ্ড মডেল সরকারি হাইস্কুলের সাবেক প্রধান শিক্ষক নজির আহমদ। প্রধান আলোচক সীতাকুণ্ড প্রেস ক্লাবের সভাপতি ও স্কুলের সহসভাপতি সুব্রত চক্রবর্তী সৌমিত্র। বিশেষ অতিথি ও স্কুলের সহসাধারণ সম্পাদক লিটন কুমার চৌধুরী। অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্যে দেন স্কুলের প্রধান শিক্ষক তপন চক্রবর্তী।
 
প্রধান অতিথি কেএম রফিকুল ইসলাম তার বক্তব্যে বলেন, প্রতিবন্ধী স্কুলের সঙ্গে সম্পর্ক রাখতে আমার খুব ভালো লাগে। আমি স্কুলের শিক্ষকদের ধন্যবাদ জানাই, তারা নিজের অর্থ দিয়ে স্কুলটিকে এখনো পর্যন্ত ধরে রেখেছেন। বিশেষ করে আমি স্কুলের ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলে খুব অভিভূত হয়েছি। তাদের যে মেধা দেখলাম তারা যদি এ স্কুল থেকে ভালো শিক্ষা পায় তাহলে তাদের অনেক সুন্দর জীবন গড়ে উঠবে। তাই এ স্কুলের জন্য যা যা করা দরকার তা আমার সাধ্যমতো করব। 

si-1

এদিকে আমন্ত্রিত অন্যান্য বক্তারা স্কুলের অভাবগুলো পূরণের জন্য প্রধান অতিথির জোরালো ভূমিকা রাখার জন্য উদাত্ত আহ্বান জানান। আরও বক্তব্যে দেন সিনিয়র শিক্ষিকা শিরীনা আক্তার, সিনিয়র শিক্ষিকা সঞ্চিতা দেবী শর্মাসহ অনেকে।

উল্লেখ্য, প্রধান অতিথি স্কুলের প্রতিটি শ্রেণিকক্ষ ঘুরে ঘুরে দেখেন এবং ছাত্রছাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন। পরে তাকে স্কুলের সহকারী প্রধান শিক্ষিকা আরজুমান আক্তার লিপি ফুল দিয়ে বরণ করে নেন। এবং ক্রেস্ট প্রদান করেন অনুষ্ঠানের সভাপতি ও স্কুলের সহসভাপতি দিদারুল হোসেন টুটুল।