জাতীয় পার্টির-জেপি’র যুগ্ম মহাসচিব, জাতীয় যুব সংহতির কেন্দ্রীয় সভাপতি ও কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেছেন, কিশোর গ্যাং বর্তমানে একটি আতঙ্কের নাম। যে সব শিশু-কিশোর বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ছে, শুধু আইন-শৃঙ্খলা বাহিনীর পক্ষে তাদের নিয়ন্ত্রণে আনা সম্ভব না। এ জন্য প্রয়োজন সবার সম্মিলিত প্রচেষ্টা। পারিবারিক, সামাজিক, সাংগঠনিকভাবে সবাইকে এগিয়ে আসতে হবে। কিশোর গ্যাং প্রতিরোধে অভিভাবক ও গণমাধ্যমকে আরও সক্রিয় ও সচেতন হতে হবে। তবেই শিশু-কিশোরদের অপরাধের মাত্রা নিয়ন্ত্রণে আনা যাবে।
শুক্রবার (১৯ এপ্রিল) বেলা ১১টায় ঝালকাঠি জেলার কাঠালিয়া প্রেস ক্লাব মিলনায়তনে এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
কোর্ট রিপোটার্স এসোসিয়েশন, ঢাকা’র পরপর দুই বার সভাপতি নির্বাচিত হওয়ায় অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারকে ঝালকাঠির কাঠালিয়া উপজেলা প্রেস ক্লাবের উদ্যোগে সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অতিথি ছিলেন কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন কাঠালিয়া থানা ওসি মো. নাসির উদ্দিন সরকার। অনুষ্ঠানে সভাপত্বিত করেন কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন সুবিদখালী সরকারি কলেজের অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ ও কাঠালিয়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এস এম আমিরুল ইসলাম লিটন। স্বাগত বক্তব্য রাখেন কাঠালিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারের হাতে ক্রেস্ট তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন, উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাসউদুল আলম ও সাধারণ সম্পাদক মো. শহীদুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মো. নেছার উদ্দিন বলেন, সাম্প্রতিক সময়ে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে আইন-শৃঙ্খলা বাহিনী সাঁড়াশি অভিযান চালিয়েছে। গ্রেপ্তার করা হয়েছে বেশ কিছু চক্রের সদস্যকে। কিশোর গ্যাং মোকাবিলায় বিশেষ দৃষ্টি দিতে বলেছেন প্রধানমন্ত্রীও। তবে এত কিছুর পরও থেমে নেই গ্যাং তাণ্ডব। সুযোগ পেলেই অপরাধে জড়াচ্ছে শিশু-কিশোররা। পর্নোগ্রাফি, সাইবার অপরাধ, ছিনতাই, চুরি, মাদক নেওয়ার মতো অপরাধে জড়িয়ে পড়ছে তারা। কিশোর গ্যাং প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করেন তিনি।
কাঠালিয়া থানার ওসি মো. নাসির উদ্দিন সরকার বলেন, কিশোর গ্যাং মোকাবিলায় পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তবে এক্ষেত্রে অভিভাবকসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেন তিনি।
সভাপতির বক্তৃতায় কাঠালিয়া প্রেস ক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম বলেন, আমাদের দেশে ‘কিশোর গ্যাং’ নামের সন্ত্রাসী তৎপরতা প্রকাশ্যে আসে ২০১২ সালে। কিন্তু ২০১৭ সালে উত্তরার ট্রাস্ট কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আদনান কবির খুনের পর এদের কর্মকাণ্ড বেশ আলোচিত হয়।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এসএম আমিরুল ইসলাম লিটন বলেন, পিছিয়ে পড়া জনগোষ্ঠীর লেখাপড়া না জানা ভবঘুরে কিশোর থেকে শুরু করে অভিজাত ঘরের কিশোররাও জড়িয়ে পড়ছে কিশোর গ্যাং চক্রে। কিশোর গ্যাং এখন আর আড্ডা কিংবা ইভটিজিংয়ের মধ্যে সীমাবদ্ধ নেই। ছিনতাই, চাঁদাবাজি, মাদক ব্যবসা, ভাঙচুর, দখলদারিত্ব, আধিপত্য বিস্তার এমনকি খুনখারাবিতে তারা জড়িয়েছে।
কাঠালিয়া প্রেস ক্লাবের সদস্য সাংবাদিক মো. মহসীন খানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠালিয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মিজানুর রহমান, সরকারি তোফাজ্জল হোসেন মানিক মিয়া ডিগ্রি কলেজের অধ্যাপক খাইরুল আলম খোকন, প্রভাষক মো. রিয়াজ হোসেন, রূপালী ব্যাংকের ব্যবস্থাপক মো. নাঈম হোসেন, কাঠালিয়া পাইলট গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. জলিলুর রহমান, চিংড়াখালী আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. রুহুল আমিন হাওলাদার, ছিটকী নেছারিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মো. ইদ্রিস মিয়া, কাঠালিয়া উপজেলা শাখার প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাহী সভাপতি মো. মাইনুদ্দিন নিউটন, আওয়ামী লীগ নেতা মো. গোলাম মোস্তফা বদু মুন্সী, মো. আল মামুন, মো. হাছিব ভুট্ট, জাতীয় পার্টির নেতা মো. দুদা মৃধাসহ কাঁঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকরা।