বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বিএনএ) কেন্দ্রীয় কমিটির মহাসচিব জামাল উদ্দিন বাদশা ও স্বাধীনতা নার্সেস পরিষদের (স্বানাপ) সদস্য সচিব মো. আনিসুর রহমান যৌথ এক বিবৃতিতে বলেন, একটি দুষ্ট চক্র বিভিন্ন ইস্যু তৈরি করে বিভিন্ন সামাজিক মাধ্যমে বিভিন্ন প্রোপাগান্ডা ছড়ানোর মাধ্যমে নার্সিং সেক্টরে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ও নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তরের ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। এই দুষ্ট চক্র দীর্ঘদিন যাবত সামাজিক মাধ্যমে নার্সিং সংগঠনের নাম ব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয় ও নার্সিং অধিদপ্তরের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ, অশালীন ও আপত্তিকর প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। ইতিমধ্যে এসব বিষয় নিয়ে শাহবাগ থানা ও বনানী থানায় একাধিক সাধারণ ডায়েরি করা হয়েছে।
হজ মেডিক্যাল টিম নিয়েও অনুরূপ কুরুচিপূর্ণ প্রচার-প্রচারণা চালিয়ে আসছে। যা নার্সিং সংগঠনের নাম ব্যবহার করে। তবে এসব প্রচার ও প্রচারণার সঙ্গে নার্সিং সংগঠন জড়িত না। নার্সিংয়ের মতো একটি মহৎ পেশাকে সামাজিকভাবে ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। এই বিবৃতি প্রদানকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। উল্লেখ্য, ইতিমধ্যেই স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেনের সঙ্গে নার্সিং নেতৃবৃন্দ দেখা করে নার্সিং সেক্টরে বিরাজমান সমস্যা নিয়ে আলাপ করেছেন। নার্সিংবান্ধব সরকারের এই স্বাস্থ্যমন্ত্রী সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন বলে নেতৃবৃন্দ বিবৃতিতে উল্লেখ করেছেন।