কাতারের আমিরের নামে ঢাকায় সড়ক ও পার্ক নির্মাণ

কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির নামে রাজধানীতে একটি সড়ক ও পার্কের নামকরণ করা হচ্ছে। কাতারের আমির মঙ্গলবার নিজে উপস্থিত থেকে এই দুটো স্থাপনা উদ্বোধন করবেন বলে রোববার মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে জানান পররাষ্ট্রমন্ত্রী হাছান মাহমুদ।

ঢাকা উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মিরপুরের কালশী এলাকায় বালুর মাঠে নির্মিতব্য পার্ক ও মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়কটি আমিরের নামে নামকরণ করা হবে।

এ বিষয়ে ঢাকা উত্তর সিটি মেয়র আতিকুল ইসলাম বলেন, কাতার বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধুরাষ্ট্র। গত বছরের ১৯ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এক জনসভায় কালশী এলাকার বালুর মাঠে বিনোদন পার্ক ও খেলার মাঠ করার ঘোষণা দেন। তিনি ওই এলাকার মানুষের জন্য উপহার হিসেবে ১৬ বিঘা জমি খেলার মাঠ ও পার্কের জন্য বরাদ্দ দেন।

সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর খায়রুল আলম গণমাধ্যমকে বলেন, মাঠ ও বিনোদন পার্কটিতে যুবকদের জন্য ক্রিকেট ও ফুটবল খেলার ব্যবস্থা এবং প্রশিক্ষণের জন্য ব্যবস্থা থাকবে। প্রবীণদের জন্য হাঁটার ব্যবস্থা এবং শিশুদের খেলাধুলার জায়গা থাকবে। ২৩ এপ্রিল কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি মিরপুর ইসিবি চত্বর থেকে কালশী উড়াল সেতু পর্যন্ত সড়ক ও পার্কের নাম ফলক উন্মোচন করবেন।

উল্লেখ্য, দুই দিনের রাষ্ট্রীয় সফরে আগামীকাল সোমবার (২২ এপ্রিল) বাংলাদেশে আসছেন কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে আগামী ২২ ও ২৩ এপ্রিল কাতারের আমির এই সফরে আসছেন।