নেত্রকোনার খালিয়াজুরীতে নিখোঁজের ২২ ঘণ্টা পর সুশেন তরফদার (৩২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার রাত ৯ টার দিকে খালিয়াজুরীর নগর ইউনিয়নের বল্লভপুর কালিহাটি গ্রামের পাশে ভাসান পানি থেকে মরদেহ উদ্ধার করা হয়। সুশেন তরফদার ওই ইউনিয়নের গোয়ালবাড়ি গ্রামের হরেন্দ্র তরফদারের ছেলে। তিনি কৃষিজীবী ছিলেন।
আরও পড়ুন: কসবায় ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা
স্থানীয় ইউপি সদস্য ও সুশেনের বৌদি সুচিত্রা তরফদার জানান, বৃহস্পতিবার রাত ১১ টার দিকে সুশেন একাই আদমপুর বাজার থেকে প্রায় পাঁচশ গজ দূরে পানি বাড়িতে যাচ্ছিলেন ইঞ্জিন চালিত ছোট নৌকা নিয়ে। তখন নৌকাসহ তিনি নিখোঁজ হন। পরে স্বজনরা তার লাশ পাশের গ্রাম বল্লভপুর কালিহাটি সংলগ্ন ভাসান পানি থেকে ভাসমান অবস্থায় দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। কিছুটা দূরে নৌকাটিও পাওয়া যায়।
খালিয়াজুরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটি এম মাহমুদুল হক জানান, মরদেহ উদ্ধার করে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তার নিখোঁজ হওয়া ও মৃত্যুর কারণ জানা যায়নি। এ ব্যাপারে অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। ময়না ময়নাতদন্ত প্রতিবেদন ও তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
ইত্তেফাক/এমআরএম