কুমিল্লার মনোহরগঞ্জে অগ্নিকাণ্ডে পুড়ে গেছে এক মুদি দোকানির বসতঘর। এতে সহায়-সম্বলহীন হয়ে পড়েছে পরিবারটি। আগুনে অন্তত ৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) বিকেলে মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ ইউনিয়নের শ্রীপুর গ্রামে এই ঘটনা ঘটে। আগুনের খবর পেয়ে মনোহরগঞ্জ ফায়ার সার্ভিসের ২টি ইউনিট এলাকাবাসীর সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।
বসতঘরটির বাসিন্দার নাম মিলনের ছেলে রাকিব জানান, 'রাকিব স্টোর' নামে তার বাবার একটি মুদি দোকান রয়েছে। এই দোকানের ওপর নির্ভর করেই পরিবার চলে। ঘরে আগুন লেগে সব আসবাব পুড়ে ছাই হয়ে গেছে। ব্যবসার কাজের জন্য ৩ লক্ষ টাকা রাখা ছিল, সেটিও পুড়ে গেছে।
হাসনাবাদ ইউপি চেয়ারম্যান মো. কামাল হোসেন জানান, আগুনের খবর শুনে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। যে ঘরটিতে আগুন লেগেছিল, তার পাশে থাকা আরও দুটি ঘরও ক্ষতিগ্রস্থ হয়েছে।