জামালপুরের সরিষাবাড়িতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে দুইজনকে আটক করেছে সরিষাবাড়ি থানা ও জেলা ডিবি পুলিশ। আটককৃত আসামিরা হলেন পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাইদুল হাসান (৫৫) ওরফে সাইদ এবং ওই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন (৫২) জয়।
জানা যায়, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে জামালপুর জেলার সরিষাবাড়ি উপজেলায় নির্বাচন আগামী ৮ মে অনুষ্ঠিত হবে। সেই নির্বাচনে সরিষাবাড়িতে চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থীর মধ্যে ২ জন প্রার্থীর প্রার্থিতা প্রত্যাহার করে। বাকি ২ জনের মধ্যে একজন হলেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম রফিক (আনারস) আর একজন হলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সদস্য সাবেক কাস্টম অফিসার মো. তালেব উদ্দিন (দোয়াত কলম)।
মামলার অভিযোগে আনারস মার্কার প্রার্থী রফিকুল ইসলামের প্রচারণায় প্রার্থীর উপস্থিতিতে তার দুই সমর্থক পিংনা সুজাত আলী ডিগ্রি কলেজের প্রিন্সিপাল সাইদুল হাসান ওরফে সাইদ এবং ওই একই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোতাহার হোসেন ওরফে জয় বক্তব্যে বলেন, যারা আমাদের প্রার্থীর বিরুদ্ধে কেন্দ্রে পোলিং এজেন্ট দিবেন বা থাকবেন তাদের হাত পা ভেঙে যমুনা নদীতে ফেলে দেওয়া হবে। শুধু তাই নয় বিরোধী প্রার্থীকে ঘায়েল করতে তারা আরও নানা প্রকার উসকানি ও হুমকি প্রদর্শন করে বক্তব্য দেন। যা নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের সামিল। পরে তাদের এই বক্তব্য বিভিন্ন পত্র পত্রিকায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হলে জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামানের নজরে আসে। এরপর সহকারী রিটার্নিং অফিসার বাদী হয়ে সরিষাবাড়ি থানায় একটি মামলা দায়ের করেন। পরে জেলা ডিবি পুলিশ ও সরিষাবাড়ি থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে আসামি দুজনকে আটক করে।