পটিয়ায় ছুরিকাঘাতে কিশোর গ্যাং লিডার নিহত 

চট্টগ্রামের পটিয়ায় ছুরিকাঘাতে এক কিশোর গ্যাং লিডার নিহত হয়েছে। নিহত কিশোর গ্যাং লিডার পটিয়া পৌর সভার ২ নম্বর ওয়ার্ডের মৃত জাফর আহমদের ছেলে রাজু হোসেন রাসেল (২৭)। 

শনিবার (২৭ এপ্রিল) বিকাল ৪টায় সুচক্রদণ্ডী পল্লি মঙ্গল মন্দিরের পাশে এই হত্যাকাণ্ড ঘটে। হত্যাকারী একই এলাকার উত্তম চৌধুরীর পুত্র এবং শম্ভু চৌধুরী নাতি সন্ত্রাসী ও এলাকার কিশোর গ্যাং লিডার জুয়েল চৌধুরী প্রকাশ জুলু। 

জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কিশোর গ্যাং লিডার জুয়েল চৌধুরী প্রকাশ জুলু ও তার সঙ্গীরা ডেকে নিয়ে অপর কিশোর গ্যাং লিডার রাজুকে হত্যা করে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে। হত্যাকারী জুয়েল চৌধুরী জুলুর বিরুদ্ধে এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাই ও মাদকের একাধিক মামলা রয়েছে বলে পটিয়া থানার ওসি জসিম উদ্দিন জানিয়েছেন। রাজুর বিরুদ্ধেও পটিয়া থানায় একাধিক মামলা রয়েছে। নিহত রাজু এর আগে র‌্যাবের হাতে গ্রেপ্তার হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়। সেই থেকে তাকে গুলি রাজু বলে কিশোর গ্যাং সদস্যরা নামকরণ করে। 

কিশোর গ্যাং লিডার কুখ্যাত জুয়েল চৌধুরী জুলু (২৫) দাপটে এলাকার লোকজন সারাক্ষণ তটস্থ থাকে। এলাকায় বাড়িঘরে চুরি, ছিনতাই ও চাঁদাবাজি ও মারামারির কারণে জুয়েল চৌধুরী জুলুর বিরুদ্ধে মানুষ মুখ খুলতেও ভয় পায়। 

স্থানীয় কাউন্সিলর ইঞ্জিনিয়ার রূপক সেন জানান, এলাকায় কিশোর গ্যাংয়ের উৎপাতের বিষয়ে তিনি স্থানীয় প্রশাসনকে একাধিকবার ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানিয়েছেন।