জামালপুরের মাদারগঞ্জে তুচ্ছ ঘটনায় জয়নাল আকন্দ (৪০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আরও দুইজন আহত হয়েছেন। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ২টার দিকে মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী ইউনিয়নের মির্জাপুর আকন্দ বাড়িতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, দীর্ঘ ১০ বছর ধরে নিহতের চাচা খুরু আকন্দের মেয়ে ফুলেরা বেগমের সঙ্গে পাশের বাড়ির শাবু মিয়ার ছেলের সঙ্গে বিবাহ বান্ধনে আবদ্ধ হয়। এরপর থেকে তাদের মধ্যে পারিবারিক কলহ লেগেই থাকতো। তারই সূত্র ধরে আজ দুপুরে ফুলেরা বেগমের সাথে তার শাশুড়ির ঝগড়া শুরু হয়। এক পর্যায়ে পাশের বাড়ি থেকে ফুলেরা বেগমের চাচাতো ভাই জয়নাল আকন্দসহ কয়েকজন ফুলেরার শ্বশুরবাড়িতে গিয়ে ঘটনা মীমাংসা করার চেষ্টা করলে শাবু মিয়ার নেতৃত্বে তার পরিবারের লোকজন জয়নাল আকন্দসহ আলমগীর (২৪) ও বাবুল (৩০) নামে আরও দুই ব্যক্তির ওপর হামলা করে এবং পিটিয়ে মারাত্বক আহত করে। আহত অবস্থায় মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের নেওয়া হয়। এ সময় আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে জামালপুর নেওয়া পথে জয়নাল আকন্দ মারা যায়।
মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডা. মনজুরুল বারী। তিনি বলেন, নিহত জয়নাল আকন্দের মাথায় আঘাতের ফলে ভেতরে প্রচণ্ড রক্তক্ষরণে তার মৃত্যু হয়। আহত দুইজনের হাতে ও বুকে পিঠে আঘাতপ্রাপ্ত হওয়ায় উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি মাহমুদুল হাসান বলেন, আমরা ঘটনাস্থলে আছি। আসামি গ্রেপ্তারের চেষ্টা চলছে।