গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম বলেছেন, 'একমাত্র নৈতিক শিক্ষাই নয়ন বন্ডদের উত্থান ঠেকাতে পারে। শিক্ষার্থীদের পাঠ্য পুস্তকের পাশাপাশি প্রকৃত নৈতিক শিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে।' শনিবার নিজ নির্বাচনী এলাকা পিরোজপুরের নাজিরপুর প্রাথমিক বিদ্যালয় ডিজিটালাইজেশনের লক্ষ্যে শিক্ষকদের মাঝে প্রজেক্টর মেশিন ও সাউন্ড সিস্টেম বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, '১৯৭৩ সালে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৩৭ সহস্রাধিক প্রাথমিক বিদ্যালয় জাতীয়করণ করে এদেশের শিক্ষা ব্যবস্থায় এক ঐতিহাসিক এবং সাহসী পদক্ষেপ গ্রহণ করেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার শিক্ষা বান্ধব সরকার বিধায় দেশের প্রাথমিক বিদ্যালয় বিহীন প্রতিটি গ্রামে কম করে একটি করে প্রাথমিক বিদ্যালয় ভবন স্থাপন করছেন। গত ১০ বছরে দেশের সকল বেসরকারি এবং রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয়গুলোকে জাতীয়করণ করে এসব বিদ্যালয়ের লাখ লাখ শিক্ষকের চাকরি সরকারীকরণ করেছেন।'
তিনি আরও বলেন, 'প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার ঘোষণা শুনে যারা নেতিবাচক মন্তব্য করতেন আজকে তারাই অবাক বিস্ময় দেখছেন হাতের মুঠোর একটি মোবাইল ফোন সারা পৃথিবীকে কাছে এনে দিয়েছে।'
আরও পড়ুন: কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরকে চাকরিচ্যুত করলেন এরদোগান
নাজিরপুর উপজেলা পরিষদ সংলগ্ন প্রাথমিক শিক্ষক সমিতি মিলনায়তনে এ শিক্ষা উপকরণ বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রোজী আক্তার। অনুষ্ঠানে জেলা প্রশাসক আবু আলী মো. সাজ্জাদ হোসেন, পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান, উপজেলা পরিষদ চেয়ারম্যান অমূল্য রঞ্জন হালদার প্রমুখ বক্তব্য দেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রী নাজিরপুরে বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের হাতে ৮৮টি প্রজেক্টর এবং ১৩৩টি সাউন্ড সিস্টেম প্রদান করেন। এসব বিদ্যালয়ে ইতিপূর্বে ল্যাপটপ প্রদান করা হয়েছে।
ইত্তেফাক/জেডএইচডি