কুষ্টিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। নিহতরা হলেন মো. সবুজ (২১) ও বিপ্লব হোসেন (৪২)। রোববার (২৮ এপ্রিল) সকাল ১১টার দিকে জেলার কুমারখালী উপজেলার চাপড়া ইউনিয়নসংলগ্ন ব্রিজের কাছে এ দুর্ঘটনা ঘটে।
জানা গেছে, সবুজ মোটরসাইকেলযোগে কুমারখালীর সান্দিয়ারা এলাকায় যাচ্ছিলেন। অপরজন বিপ্লব লিভো মোটরসাইকেলযোগে বিপরীত দিকে আসছিলেন। সকাল ১১টার দিকে চাঁপড়া ইউনিয়নের চাপড়া ব্রিজের কাছে পৌঁছার পর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে বিপ্লব ও সবুজ গুরুতর আহত হন। তাদের দুজনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসাপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিপ্লবকে মৃত ঘোষণা করেন। বিপ্লব কুমারখালী উপজেলার বাড়াদী উত্তরপাড়ার মৃত মোক্তার হোসেনের ছেলে।
আহত সবুজকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার সময় পথিমধ্যে তিনি মারা যান। সবুজ কুষ্টিয়া শহরের মিলপাড়া এলাকার আব্দুল মালেকের ছেলে।
কুমারখালী থানার ওসি আকিবুল ইসলাম সত্যতা নিশ্চিত করে জানান, মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতদের লাশ উদ্ধার করেছে পুলিশ। এ বিষয়ে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।