ব্রত রায়
ইস্যুরা এখন চাইনিজ মাল টেকে মোটে দুই-চার দিন
আজকে সে দেখি ক্লিনিক্যালি ডেড গতকাল ছিল যার দিন!
তাও যদি ধরো গরম গরম এফবিতে দেওয়া যায় তা
সন্দেহ নাই চারিদিকে সেটা ফলায় কিছু রায় তা।
তাজা তাজা কিছু চার্ম থাকে তার, পায় দুই মুঠো লাইকও
সময় গেলে কি সাধন হইবে? সুযোগ কোনোই নাই কো!
ছ দিন আগে যা হিট হতো সেই ছড়ার আজকে দিন নাই
দেখিয়া শুনিয়া দুনিয়ার প্রতি ধরিয়া গিয়াছে ঘেন্নাই!
সম্পাদকের মেইলের তলে যে ছড়া অক্কা পাইল
বাঁচায় কে তারে? সম্পাদকে রে অভিশাপ দাও, গাইলও—
লাভ কিছু নাই মাঝখান দিয়া খারাপ হইবে মুখ তোর
এই জ্বালা আজ বাংলার কত ছড়াকার দলভুক্তর!
বিভাগীয় সব সম্পাদকের নিকট জানাই আর্তি
‘ছাপা হইবে না’ বলিয়া দেওয়া কি প্রত্যাশা খুব বাড়তি?