চিকিৎসকের ভুল চিকিৎসায় প্রসূতি মায়ের মৃত্যুর অভিযোগে মা সার্জিক্যাল ক্লিনিকের অপারেশন থিয়েটার সিলগালা করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ক্লিনিক মালিক শেখ জাহাঙ্গীর আলমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। শনিবার নড়াইলের লোহাগড়ার লক্ষীপাশায় এ অভিযান পরিচালনা করা হয়।
গত শুক্রবার বিকালে প্রসূতি মৃত্যুর ঘটনার পর ক্লিনিক মালিক জাহাঙ্গীর রাতেই রোগীর স্বজনদের সঙ্গে যোগাযোগ করে দুই লাখ টাকার মাধ্যমে ম্যানেজ করেছেন বলে অভিযোগ উঠেছে। ডাক্তারের ভুল চিকিৎসার বলি বিলকিস বেগমের (২৫) স্বামীসহ স্বজনদের অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই শনিবার সকালে তার লাশ দাফন করা হয়েছে। বিলকিসের স্বামী কামাল হোসেন চেকের বিনিময়ে সৃষ্ট ঘটনার মীমাংসা করেছেন বলে সাংবাদিকদের নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, উপজেলার করগাতী গ্রামের কামাল হোসেন তার স্ত্রী বিলকিস বেগমকে শুক্রবার সকালে সিজার করার জন্য লক্ষীপাশার মা সার্জিক্যাল ক্লিনিকে ভর্তি করে। বিকালে ডাক্তার তাজরুল ইসলাম কোন অ্যানেসথেসিয়া ডাক্তার ছাড়াই অদক্ষ নার্সকে সঙ্গে নিয়ে অপারেশন থিয়েটারে সিজারের কাজ শুরু করে। প্রসূতির শরীরে ইনজেকশন পুস করার পর অস্ত্রোপচার শুরু করলে অপারেশন থিয়েটারেই প্রসূতির মৃত্যু ঘটে।
অবস্থা বেগতিক দেখে ক্লিনিকের মালিক জাহাঙ্গীর একটি অ্যাম্বুলেন্স করে রোগীকে নড়াইল সদর হাসপাতালে পাঠিয়ে দিয়ে ক্লিনিক তালা মেরে পালিয়ে যায়। রোগীকে নড়াইল সদর হাসপাতালের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রসূতিকে মৃত বলে ঘোষণা করে।
ইত্তেফাক/ডেএইচ