চাঁদা আদায় ও শ্রমিক ইউনিয়নের সঙ্গে বাস মালিকদের দ্বন্দ্বের জের ধরে গাইবান্ধা থেকে ঢাকাগামী সকল বাস চলাচল শনিবার সকাল থেকে বন্ধ রয়েছে। তবে টার্মিনাল থেকে অভ্যন্তরীণ সকল রুটে বাস চলাচল চালু রয়েছে।
শনিবার দুপুরে গাইবান্ধা কেন্দ্রীয় বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, ঢাকাগামী সকল বাস টার্মিনালেই ফেলা রাখা হয়েছে। টিকিট কাউন্টারগুলোও বন্ধ। এছাড়া বাস চালকসহ শ্রমিকরা অলস সময় পার করছেন।
এদিকে, হঠাৎ করে বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। অনেকে বাস না পেয়ে বাড়িতে ফিরে যাচ্ছেন। আবার কেউ কেউ অতিরিক্ত টাকা খরচ করে বিকল্প যানবাহনে ঢাকা যাওয়ার চেষ্টা করছেন।
বাস মালিক ও শ্রমিকদের অভিযোগ, মালিক সমিতির নামে গাইবান্ধায় শ্রমিক ইউনিয়ন ঢাকাগামী প্রতিটি চেয়ারকোচ বাস থেকে ৩৬০ টাকা করে নেওয়ার কথা থাকলেও তারা ৪৪০ টাকা করে আদায় করছেন। এছাড়া পথে জেলার পলাশবাড়ী ও গোবিন্দগঞ্জে শ্রমিক ইউনিয়নের নেতারা নানা কারণে বাসের স্টাফদের সঙ্গে খারাপ ব্যবহার করেন। অতিরিক্ত চাঁদা ও হয়রানীর ঘটনায় ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে বাস মালিকরা। চাঁদা আদায় বন্ধ না হলে পরবর্তীতে বৃহত্তর কর্মসূচির ডাক দেওয়ার কথাও জানান তারা।
অরিণ ট্রাভেলসের ম্যানেজার রেজাউল করিম পলাশ বলেন, ঢাকাগামী সকল বাস চলাচল বন্ধ থাকার সিদ্ধান্ত শুক্রবার রাতে নেয়া হয়। অতিরিক্ত চাঁদা আদায় ও বাস স্টাফদের সঙ্গে শ্রমিক ইউনিয়নের নেতাদের খারাপ ব্যবহারের বিষয়টি আপোষ না হওয়া পর্যন্ত বাস চলাচল বন্ধ থাকবে।
গাইবান্ধা পুলিশ সুপার আবদুল মান্নান মিয়া বলেন, যাত্রী সাধারণের দুর্ভোগের কথা চিন্তা করে বিষয়টি দ্রুত নিরসনের চেষ্টা চলছে।
ইত্তেফাক/জেডএইচ