পাবনার সাঁথিয়ার আর-আতাইকুলা ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মিরাজুল বিশ্বাসকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।
মঙ্গলবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১২টায় রঘুনাথপুর নিজ বাসভবন থেকে পাবনা ডিবি পুলিশ ও আতাইকুলা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
পাবনা জেলা যুবলীগের যুগ্ম আহ্বায় শিবলি সাদী বাদী হয়ে চেক ডিসঅনার মামলা করেন আদালতে। সে মামলায় চেয়ারম্যান মিরাজুল বিশ্বাসের ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ১ কোটি টাকা জরিমানা করেন আদালত।
আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, মিরাজুল বিশ্বাস চেক ডিসঅনার মামলার সাজাপ্রাপ্ত আসামি। আদালত থেকে তার বিরুদ্ধে সিআর সাজা ওয়ারেন্ট জারি ছিল।
জানা গেছে, ওয়ারেন্ট জারি থাকা স্বত্বেও তিনি প্রকাশ্যে ইউনিয়ন পরিষদের কার্যক্রম পরিচালনা, উপজেলা পরিষদের মিটিংয়ে যোগদান, নির্বাচনি জনসমাবেশে যোগদান এবং থানায় গিয়ে দেনদরবার করে বেড়াতেন। পুলিশ তাকে গ্রেফতার করতো না।
আর-আতাইকুলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবুল হাসানাত জানান, এ বিষয়ে আমি কিছু বলতে পারবো না। তবে চেয়ারম্যান গ্রেফতার হয়েছে বলে জেনেছি।
সাঁথিয়া উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম জানান, মিরাজুল বিশ্বাসকে আদালত কারাদণ্ড দিয়েছে। এ বিষয়ে আমি কিছু জানি না। তার বিষয়ে নিয়ম অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।