রংপুরে জাল ব্যান্ডরোলসহ নকল বিড়ি ব্যবসায়ীসহ আটক ১

জাল ব্যান্ডরোল ও নকল বিড়িতে ছেয়ে গেছে রংপুরের কাউনিয়া উপজেলার হারাগাছ। প্রায়ই হারাগাছসহ আশেপাশের বিভিন্ন এলাকা থেকে বড় বড় কোম্পানির নাম ব্যবহার করে তৈরি নকল বিড়ি ও জাল ব্যান্ডরোল জব্দ করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় হারাগাছের জমচওরা নয়ার বাজার এলাকার একটি বাড়িতে সোমবার বিকেলে অভিযান চালিয়েছে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের উপ-কমিশনার মোহাম্মদ সাইদুল ইসলামের নেতৃত্বে একটি দল।

অভিযানে আব্দুল ওয়াদুদ মিয়া নামে একজনকে নকল আজিজ বিড়ি ও মায়া বিড়ি বানানো অবস্থায় হাতেনাতে আটক করা হয়। এসময় নকল ব্যান্ডরোল সংযুক্ত অবস্থায় ৬৬৮০ প্যাকেট নকল আজিজ বিড়ি এবং ১৩০০ প্যাকেট নকল মায়া বিড়ি জব্দ করা হয়। আটক আব্দুল ওয়াদুদ ওই এলাকার আলতাব হোসেনের ছেলে।

এ বিষয়ে রংপুর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার ড. নাহিদা ফরিদী মুঠোফোনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জাল ব্যান্ডরোল ও নকল বিড়িসহ একজনকে আটক করা হয়েছে। পরে তাকে থানায় সোপর্দ করা হয় এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। নকল ব্যান্ডরোল ও নকল বিড়ির বিষয়ে আমাদের জিরো টলারেন্স নীতি অব্যাহত থাকবে।

আজিজ বিড়ির এক প্রতিনিধি বলেন, রংপুরের ভ্যাটের এ ধরণের অভিযান অব্যাহত থাকলে তারা সরকারকে আরও বেশি রাজস্ব দিতে পারবে।

এদিকে রংপুর ভ্যাটের এ ধরণের অভিযানে সাধারণ বিড়ি ব্যবসায়ীদের মধ্যে স্বস্তি বিরাজ করছে।

হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি (তদন্ত) নূরে আলম সিদ্দিকী বলেন, এ ঘটনায় মামলা দায়ের হয়েছে। আটক ব্যক্তিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।