কোভিশিল্ডের কারণে মেয়ের মৃত্যুর অভিযোগ, মামলা করবেন বাবা-মা

ভ্যাকসিন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অ্যাস্ট্রেজেনেকা সম্প্রতি স্বীকার করেছে তাদের তৈরি করোনার ভ্যাকসিন বিরল টিটিএস (থ্রম্বোসিস উইথ থ্রম্বোসাইটোপেনিয়া সিনড্রোম) ঘটাতে পারে। এমন ঘোষণার পর মেয়ের মৃত্যুর জন্য সিরাম ইনস্টিটিউটের বিরুদ্ধে মামলা করার সিদ্ধান্ত নিয়েছেন ভারতীয় বাবা মা।

এই টিকার ভারতীয় ধরন কোভিশিল্ড নামে পরিচিত। করোনার সময় কোভিশিল্ড ভ্যাকসিন নিয়েছিলেন করুণ্য নামক তরুণী। ভারতে এই ভ্যাকসিন তৈরি করতো পুনে ভিত্তিক প্রতিষ্ঠান সিরাম ইনস্টিটিউট।

ইন্ডিয়া টুডে জানিয়েছে, করুণ্য ২০২১ সালের জুলাইয়ে ভ্যাকসিন নেওয়ার পরে মারা যান। কেন্দ্রীয় সরকারের তৈরি জাতীয় কমিটি অবশ্য এই সিদ্ধান্তে পৌঁছেছে যে তার মৃত্যুর সঙ্গে ভ্যাকসিনের যোগসূত্রের পর্যাপ্ত প্রমাণ নেই।

ভুক্তভোগীর বাবা ভেনুগোপালন গোবিন্দন এখন ক্ষতিপূরণ চেয়ে একটি রিট পিটিশন দায়ের ও তার মেয়ের মৃত্যুর তদন্তের জন্য একটি স্বাধীন মেডিকেল বোর্ড নিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছেন।

তিনি ইকোনমিক টাইমসকে বলেছেন, অ্যাস্ট্রাজেনেকা ও সিরাম ইনস্টিটিউট উভয়েরই ভ্যাকসিন তৈরি ও সরবরাহ বন্ধ করা উচিত ছিল যখন ১৫টি ইউরোপীয় দেশ ২০২১ সালের মার্চ মাসে ভ্যাকসিনটি চালু হওয়ার কয়েক মাসের মধ্যে রক্ত জমাট বাঁধার কারণে এইগুলোকে স্থগিত করেছিল।