ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ১৩ জন ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কারো মৃত্যু হয়নি। আর শনিবার (৪ মে) নতুন করে ১৩ জন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। এর আগের দিন শুক্রবার (২ মে) তিন জনের মৃত্যু এবং আক্রান্ত হয়েছিল ৯ জন। এই নিয়ে চলতি মাসের চার দিনে মোট ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৫২ জন এবং মৃত্যু হয়েছে তিন জনের।
 
শনিবার স্বাস্থ্য অধিদফতরের থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ডেঙ্গুতে গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনে ৪ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে ৪ জন, বরিশাল বিভাগের (সিটি করপোরেশনের বাইরে) ১ জন এবং রাজশাহী (সিটি করপোরেশনের বাইরে) ২ জন রয়েছেন। আর গত ২৪ ঘণ্টায় সারা দেশে মোট ১৫ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। আর চলতি বছরে মোট দুই হাজার ১২০ জন ছাড়পত্র পেয়েছেন।
 
অধিদফতরের তথ্যমতে, চলতি বছরের এখন পর্যন্ত ডেঙ্গুতে মোট আক্রান্ত হয়েছেন দুই হাজার ২৬১ জন। এরমধ্যে এক হাজার ৩৮৪ জন পুরুষ এবং ৮৭৭৭ জন নারী। আর এ বছরে ডেঙ্গুতে মোট মৃত্যু হয়েছে ২৭ জনের। মৃতদের মধ্যে ১৩ জন পুরুষ এবং জন ১৪ জন মহিলা রয়েছেন।