ঢাকার মহানগর দায়রা জজের সঙ্গে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের মতবিনিময়

ঢাকার মহানগর দায়রা জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেনের সঙ্গে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র নেতাকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (৭ মে) মহানগর দায়রা জজ এর খাসকামরায় কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশনের পক্ষ থেকে তাকে ক্রেস্ট ও ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। 

এ সময় তিনি আইন ও আদালতের বিচার ব্যবস্থা নিয়ে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের জন্য কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র নেতাদের ও সদস্যদের প্রতি আহবান জানান। সর্বপরি আদালত প্রাঙ্গনে আইন-শৃংখলা এবং নিরাপত্তা যেন বজায় থাকে তার জন্য সাংবাদিকদের সচেষ্ট থাকার অনুরোধ জানান।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদার বলেন, কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা একটি সুশৃঙ্খল ও সংগঠিত সংগঠন। আদালতের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে সংগঠনের নেতাকর্মী ও সদস্যরা সদা সর্বদা সচেতন। 

কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন, ঢাকা’র সভাপতি অ্যাডভোকেট মো. রুবেল হাওলাদারের সভপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. গাফফার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোর্ট রিপোর্টার্স এসোসিয়েশন এর কার্যকরী কমিটি সদস্যসহ উপদেষ্টামণ্ডলীর সদস্যরা।