রাজধানীর ঢাকা ক্যান্টনমেন্ট থানাধীন জোয়ারসাহারার খান পল্লী এলাকায় নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় উচ্ছেদ অভিযান চালিয়েছে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)। এ সময় ৫টি নকশা বহির্ভূত ভবনের আংশিক অপসারণ করা হয়।
সোমবার (৯ মে) সকাল থেকে বিকাল পর্যন্ত এই উচ্ছেদ অভিযান চালানো হয়। এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের জোন ৩ এর পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজিনা সারোয়ার বলেন, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জোন ৩/১ আওতাধীন ঢাকা ক্যান্টনমেন্টের মাটিকাটা এলাকায় রাজউক নকশাবহির্ভূত ভবন নির্মাণ করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করি। এই সময়ে নকশাবহির্ভূত ৫টি বহুতল ভবনের আংশিক অপসারণ করা হয়। নকশাবহির্ভূত নির্মাণাধীন ভবনগুলোর সেটব্যাক ও ভয়েড এ ব্যত্যয় পাওয়া গেছে। একই সঙ্গে তারা যেন পরবর্তীতে রাজউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করে সে বিষয়ে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা নেওয়া হয়।
এসময় ভবন মালিকগণ উপস্থিত থেকে রাজউকের অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবেন বলে নন জুডিশিয়াল স্ট্যাম্পে মুচলেকা দেন। ভবিষ্যতে ভবনের নকশাবহির্ভূত কোনো কাজ করবেন না বলে জানান তারা।
এছাড়াও অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি বলেন, ভবন নির্মাণে রাজউক অনুমোদিত নকশা মেনে ভবন নির্মাণ করবে এবং রাস্তায় নির্মাণ সামগ্রী রেখে মানুষ চলাচলের প্রতিবন্ধকতা সৃষ্টি করে সেই বিষয়ে জনসচেতনতা করা হয়েছে। জনস্বার্থে রাজউকের অভিযান অব্যাহত থাকবে।
মোবাইল কোর্টের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন রাজউক জোন-৩/১ এর অথরাইজড অফিসার শেখ মাহাব্বীর রনি। এছাড়াও সহকারী অথরাইজড অফিসার, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ রাজউকের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।