একীভূত হতে সোনালী-বিডিবিএলের সমঝোতা স্মারক সই

একীভূত হচ্ছে রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংক ও বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক পিএলসি (বিডিবিএল)। এ লক্ষে আজ রোববার দুই ব্যাংকের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়েছে। সোনালীর সঙ্গে একীভূত হতে বিডিবিএলের পরিচালনা পর্ষদের অনুমোদনের পর এ উদ্যোগ নেওয়া হলো।

সমঝোতা স্মারক সই অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আবদুর রউফ তালুকদার, সোনালী ব্যাংকের চেয়ারম্যান জিয়াউল হাসান সিদ্দিকী ও ব্যবস্থাপনা পরিচালক-সিইও আফজাল করিম এবং বিডিবিএলের চেয়ারম্যান শামীমা নার্গিস ও ব্যবস্থাপনা পরিচালক মো. হাবিবুর রহমান গাজীসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা ছিলেন।

এ সময় জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, কোনো প্রভাব ছাড়াই আমরা নিজেরাই সিদ্ধান্ত নিয়েছি। এরপর বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সঙ্গে যোগাযোগ করে তাকে জানিয়েছি যে আমরা বিডিবিএলের সঙ্গে একীভূত হতে চাই।

২০০৯ সালে বাংলাদেশ শিল্প ব্যাংক ও বাংলাদেশ শিল্প ঋণ সংস্থা একীভূত হয়ে বিডিবিএল গঠিত হয়। গত ডিসেম্বরে প্রতিষ্ঠানের খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৯৮২ কোটি টাকা, যা বিতরণ করা ঋণের ৪২ দশমিক ৪৬ শতাংশ। অন্যদিকে, গত ডিসেম্বর পর্যন্ত সোনালীর ঋণ ছিল ৯৩ হাজার ৯৬ কোটি টাকা।