নানামুখী আলোচনায় কান উৎসব

গোলাপী এখন কানে!
প্রতিবছরই কানের রেট কার্পেটে নজর কাড়েন ভারতীয় তারকারা। ব্যতিক্রমী এবং বাহারি পোশাক দিয়ে থাকেন আলোচনায়। এবারও তার ব্যতিক্রম হচ্ছে না। উৎসবের শুরুতেই বিগত বছরের মতো ক্যামেরার চোখ নিজের করে নিয়েছেন অভিনেত্রী ঊর্বশী রাওতেলা। এবারের আসরেও আবেদনময়ী লাল গালিচায় ধরা দিয়েছেন তিনি। উত্সবের পর্দা ওঠার দিনে লাল গালিচায় তোলা বেশ কিছু স্থিরচিত্র ঊর্বশী তার ইনস্টাগ্রামে পোস্ট করেছেন। তাতে দেখা যায়, গোলাপী রঙের গাউনে সেজেছেন তিনি। প্রিয় অভিনেত্রীকে এমন লুকে দেখে প্রশংসা করছেন তার ভক্ত-অনুরাগীরা।

অনুরাগীদের শঙ্কা
২০০২ সাল থেকেই নিয়মিত কানের লাল গালিচায় বর্ণিল সাজে হাজির থাকছেন অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন। গত বছরের মতো এবারও মেয়েকে নিয়ে কানে উড়াল দিয়েছেন। তবে প্রতিবছর সুস্থ শরীরে কান মাতালেও এবার ভাঙা হাতে কান পৌঁছালেন তিনি। একটি ভিডিওতে দেখা গেছে, ঐশ্বরিয়া ডান হাতে চোট পেয়েছেন। করা হয়েছে প্লাস্টার। এমন অবস্থায় কানে কতটা নজর কাড়তে পারবেন তা নিয়ে ঐশ্বরিয়া ভক্তদের মনে চিন্তার ভাঁজ পড়েছে!

নিয়ম ভাঙা, প্রশংসা!
‘ম্যাড ম্যাক্স: ফিউরি রোড’ প্রদর্শনের ৯ বছর পর কান চলচ্চিত্র উৎসবেই দেখানো হলো এর বহুল প্রতীক্ষিত প্রিক্যুয়েল ‘ফিউরিওসা : অ্যা ম্যাড ম্যাক্স সাগা’। রুদ্ধশ্বাস অ্যাকশনে ভরপুর চলচ্চিত্রটির ওয়ার্ল্ড প্রিমিয়ার দেখে দর্শকরা টানা ৬ মিনিট দাঁড়িয়ে অভিবাদন জানিয়েছেন। এতে খলচরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা ক্রিস হেমসওয়ার্থকে। দর্শকদের টানা অভিবাদন পেয়ে অশ্রুসজল দৃষ্টিতে তাকিয়ে ছিলেন অস্ট্রেলিয়ান এই তারকা। তবে প্রশংসিত হলেও নিয়ম ভেঙে ভিন্ন আলোচনা তৈরি করেছেন তিনি। ছেলেদের জন্য বাধ্যতামূলক ড্রেস কোড ভেঙে, সাদা টাক্সেডো জ্যাকেট পরে লাল গালিচায় পা রাখেন ‘থর’ তারকা ক্রিস হেমসওয়ার্থ।

পুরোনো দিনে মেরিল!
সম্মানসূচক স্বর্ণপাম জয় এবং উদ্বোধক হিসেবে কানে পা রাখেন তিনবার অস্কার নিজের ঝুলিতে রাখা অভিনেত্রী মেরিল স্ট্রিপ। তবে এখানেই থেমে থাকেননি তিনি। পালে দে ফেস্টিভ্যাল ভবনের দ্যুবুসি থিয়েটারে বিশেষ আড্ডায় নিজের বর্ণাঢ্য ক্যারিয়ারের অভিজ্ঞতা ভাগাভাগি করে ভক্তদের মন জয়ও করেছেন মেরিল। ‘আউট অব আফ্রিকা’ সিনেমায় অভিনয়ের গল্প বলতে গিয়ে বেশ আবেগতাড়িত হয়ে পড়েন তিনি।

কানে ‘মি টু’
সাগর তীরে খোলা আকাশের নিচে গত বুধবার দেখানো হয় ফরাসি পরিচালক জুডিথ গোদরেশের স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘মি টু’। একইদিন আঁ সাঁর্তে রিগা বিভাগের উদ্বোধনী আয়োজনে ১৭ মিনিটের এই ছবির প্রদর্শনীতে ছিলেন তিনি। এর নামকরণে বিশ্ব চলচ্চিত্রে যৌন হেনস্তার শিকার নারীদের নীরবতা ভাঙার আন্দোলনকে তুলে ধরা হয়েছে। সিনেমাটি প্রদর্শনের পর প্রশংসার পাশাপাশি বেশ নজরও কেড়েছে দর্শকদের।