ঈশ্বরদীর দণ্ডপ্রাপ্তদের আইনি সহায়তা দেবে বিএনপি

তৎকালীন বিরোধী দলীয় নেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে গুলি বর্ষণের মামলায় দণ্ডপ্রাাপ্ত বিএনপি নেতাদের বাড়ি বাড়ি গিয়ে স্বজনদের সান্তনা দিয়েছেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। 

এ সময় তিনি বলেন, মামলায় দণ্ডপ্রাপ্ত বিএনপি নেতাকর্মীদের আইনি সহায়তা দেবে বিএনপি। শনিবার সকাল থেকে তিনি ঈশ্বরদীর বিভিন্ন এলাকায় দণ্ডপ্রাপ্ত নেতা-কর্মীর বাড়িতে যেয়ে তাদের স্বজনদের সঙ্গে কথা বলেন। উচ্চ আদালতে মামলার বিষয়ে প্রয়োজনীয় আইনগত সহযোগিতা দেয়া হবে বলে শিমুল বিশ্বাস আশ্বস্থ করেন।

শিমুল বিশ্বাস আরো বলেন, পাবনায় আদালতের রায়ে সরকারের নিষ্ঠুর দানবীয় রূপের আরেকটি নতুন চেহারা প্রকাশ পেয়েছে। তিনি দেশের সকল মানুষকে অপকর্মের বিরদ্ধে প্রতিরোধ ও রুখে দাঁড়ানোর আহ্বান জানান। 

আরো পড়ুন: মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে পুলিশ: আইজিপি

উল্লেখ্য, ১৯৯৪ সালে ঈশ্বরদীতে তৎকালীন বিরোধী দলীয় নেতা ও বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলার ঘটনায় করা মামলায় আদালত ৯ জনের মৃত্যুদণ্ডের রায় দিয়েছেন। একই মামলায় ২৫ জনের যাবজ্জীবন ও ১৩ জনের ১০ বছর করে কারাদণ্ড দেয়া হয়েছে। গত ৩ জুলাই বুধবার দুপুরে স্পেশাল ট্রাইব্যুনাল-৩ এর ভারপ্রাপ্ত বিচারক এবং অতিরিক্ত জেলা ও দায়রা জজ  রুস্তম আলী এ রায় দেন। রায় ঘোষণার পর আদালতে হাজির দণ্ডপ্রাপ্ত ৩৩ জনকে কারাগারে পাঠানো হয়। এ মামলায় ১৪ জন এখনও পলাতক রয়েছেন এবং ৫ জন বিভিন্ন সময় মৃত্যুবরণ করেছেন। আসামিরা সবাই ঈশ্বরদী উপজেলা, পৌর বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মী। 

ইত্তেফাক/এমআই