ঢাবি জাতীয় ছায়া জাতিসংঘ অধিবেশন শুরু ৩০ মে 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছায়া জাতিসংঘ সংগঠন (ডিউমুনা) কর্তৃক আয়োজিত ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় ছায়া জাতিসংঘ (ডানমান-২০২৪) এর ১১ তম সম্মেলন শুরু হবে আগামী ৩০ মে। ২ জুন পর্যন্ত চলবে এই সম্মেলন।  

ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে এই সম্মেলনটি আয়োজিত হবে। এবারের অধিবেশনের মূল প্রতিপাদ্য বিষয় হলো 'সংঘাতের ঊর্ধ্বে স্থায়িত্ব: ন্যায্য শান্তি প্রতিষ্ঠায় সম্মিলিত উদ্যোগ।'

শনিবার (১৮ মে) বিকাল ৪ টায় ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরেন আয়োজকেরা। 

এবারের আয়োজনের বিষয়ে ডিউমুনার মহাসচিব এস এম নাহিয়ান ইসলাম বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাত্রা শুরু করে আজ বিশ্বব্যাপী ডিইউমুনার বিচরণই আমাদের ইতিবাচক ভবিষ্যতের বার্তা বহন করে। সকল সংঘাতের উর্ধ্বেই আমরা চাই পৃথিবীতে সহানুভূতি ও সহনশীলতা বিরাজ করুক যার প্রেক্ষিতে এবারের সম্মেলনে আমরা শান্তি প্রতিষ্ঠার সাক্ষ্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা নিয়ে কাজ করবো।

এবারের সম্মেলনে অংশগ্রহণ করবেন দেশ-বিদেশের বিভিন্ন শিক্ষাপ্রেতিষ্ঠান থেকে আসা ৫০০ জনেরও বেশি প্রতিনিধি, যারা মোট ১১টি কমিটিতে আলোচনা করবেন গুরুত্বপূর্ণ বৈশ্বিক সমস্যাবলি নিয়ে। এছাড়াও থাকছেন ৫০ জনেরও বেশি কার্যনির্বাহী বোর্ড সদস্য, প্রায় ৫০ জন সেক্রেটারিয়েট বোর্ড সদস্য এবং প্রায় ৬০ জন সংগঠক। অংশগ্রহণকারীদের স্বতঃস্ফূর্ততা ও পেশাদারি মনোভাব আয়োজনটিকে সফলতা প্রদান করবে বলে আশাবাদী সংগঠনটি।

সংবাদ সম্মেলনে অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন উপমহাসচিব হোসেইন আজমল প্রান্ত এবং মহাপরিচালক মো আসিফুজ্জামান অর্পণ, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নওশিন ফাতমি এবং প্রচার সম্পাদক আদৃতা আরিফ।