ঢাকা বিশ্ববিদ্যালয়ের কবি জসীম উদ্দিন হলের একটি অংশে বসবাসরত কর্মকর্তা-কর্মচারীদের অপসারনের দাবিতে আন্দোলন করেছে হলটির শিক্ষার্থীরা।
রোববার (১৯ মে) বিকাল ৪টায় হলের প্রধান ফটক আটকে রেখে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীরা ‘কর্মচারীদের স্থানান্তর করো’ ইত্যাদি স্লোগান দিতে থাকেন। সন্ধ্যার আগেই হল প্রাধ্যক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেন শিক্ষার্থীরা।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, হলের একাংশে কর্মচারীরা থাকছেন দীর্ঘদিন থেকে। অথচ শিক্ষার্থীরা ফ্লোরিং করে থাকছে। হলের দক্ষিণ ভবনের অনেকগুলো রুমে কর্মকর্তা-কর্মচারীরা থাকছে। যেখানে প্রায় দুইশ শিক্ষার্থীর আবাসন ব্যবস্থা করা যায়। আমরা চাইবো হল প্রশাসন দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে।
এই বিষয়ে জানতে চাইলে কবি জসীম উদ্দিন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক শাহীন খান বলেন, হলের এই অংশে একসময় শিক্ষকরা থাকতো। শিক্ষকরা চলে যাওয়ার পর কর্মকর্তা-কর্মচারীরা থাকা শুরু। এই সমস্যা দীর্ঘদিনের। আমি দায়িত্ব গ্রহণের পর শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করেছি। এই সমস্যা সমাধান করা শিক্ষার্থীদের দাবি ছিল। আমরা এটি নিয়ে কাজ করছি। হল প্রশাসন শিক্ষার্থীদের এই সমস্যা সমাধানের দ্রুত পদক্ষেপ নেবে।