কানাডায় তেল ও গ্যাস কোম্পানির বিশেষ উপদেষ্টা হলেন বাংলাদেশের সাজ্জাদ রশিদ

ব্রিটিশ কলাম্বিয়া প্রদেশের ভ্যানকুভারে অবস্থিত কানাডার বিখ্যাত তেল ও গ্যাস কোম্পানি ঈগলস্লেজ এনার্জি লিমিটেডের বিশেষ উপদেষ্টা হিসেবে নিয়োগ লাভ করেছেন বাংলাদেশের জাতীয় সংসদের বিরোধী দলীয় নেতা জি এম কাদেরের বৈদেশিক বাণিজ্য ও বিনিয়োগ উপদেষ্টা সাজ্জাদ রশিদ। তিনি নিজেও কানাডায় তেল, ডিজেল, জেট জ্বালানি শোধনাগার এবং সৌর বিদ্যুৎ উৎপাদন প্ল্যান্ট ফ্যাসিলিটিতে অর্থ বিনিয়োগ করেছেন। 

সাজ্জাদ রশিদ গত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসন থেকে লাঙল প্রতীকে নির্বাচন করেন। তিনি বাংলাদেশের সাবেক ডেপুটি এটর্নি জেনারেল ও প্রখ্যাত রাজনীতিবিদ অ্যাডভোকেট এম এ রশীদ এবং অভিভক্ত ঢাকা সিটি করপোরেশনের প্রথম মহিলা কমিশনার মমতাজ রশীদের কনিষ্ঠ পুত্র।

সাজ্জাদ রশিদ মার্কিন যুক্তরাষ্ট্র, ইউরোপ এবং দক্ষিণ এশিয়ায় ৩০ বছরেরও বেশি সময়ের শিক্ষাগত যোগ্যতা এবং কাজের অভিজ্ঞতা রয়েছে। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে শীর্ষস্থানীয় একটি আর্থিক প্রতিষ্ঠানে ব্যবস্থাপক পদে অধিষ্ঠিত ছিলেন। পাশাপাশি তিনি ঢাকায় যুক্তরাজ্যের স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকেও দক্ষতার স্বাক্ষর রেখেছেন। 

সাজ্জাদ রশিদ জানান, বিশ্বের তৃতীয় স্থান অধিকারী খনিজ তেল ও গ্যাস সমৃদ্ধ দেশ কানাডার ঈগলস্লেজ এনার্জি লিমিটেডের কার্যকরী মূলধন বিনিয়োগ প্রথম পর্যায়ে আনুমানিক ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার, পরবর্তী পর্যায়ে আরও ১ দশমিক ৫ বিলিয়ন মার্কিন ডলার মূলধন বিনিয়োগ যোগ করা হবে। তাদের তেল শোধনাগার প্ল্যান্টটি দৈনিক ৩০ হাজার বিপিএসডি ব্যারেল ডিজেল, পেট্রল এবং জেট ফুয়েল উৎপাদন করবে। এর আনুমানিক ব্যয় ৪৬০ মিলিয়ন মার্কিন ডলার। 

পরবর্তী পর্যায়ে এটি আঞ্চলিক চাহিদা মেটাতে দৈনিক ৮৫ হাজার ব্যারেল তেল উৎপাদন করবে। এছাড়াও ১২৫ মেগাওয়াট সৌর বিদ্যুৎ উৎপাদন করা হবে। উৎপাদনের একটি অংশ তেল শোধনাগার অপারেশনে ব্যবহার করা হবে। এর সিংহভাগই কানাডার সাসকাচোয়ান অঞ্চলে পাওয়ার গ্রিড এবং স্থানীয় শিল্পের চাহিদা পূরণে ব্যবহৃত হবে।