সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের সভাপতিত্বে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের ১৭তম কাউন্সিল অব দ্য কলেজ সভা গতকাল মঙ্গলবার ঢাকা সেনানিবাসে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজের সম্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
সভায় লেফটেন্যান্ট জেনারেল মিজানুর রহমান শামীম, মেজর জেনারেল এ কে এম মোস্তফা কামাল পাশা, অ্যাডজুট্যান্ট জেনারেল মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন, কমানড্যান্ট আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ মেজর জেনারেল কাজি মো. রশীদ-উন-নবী ছাড়াও প্রতিরক্ষা, অর্থ, শিক্ষা ও স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সেনা, নৌ ও বিমান বাহিনীর প্রতিনিধিসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন। সভায় আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ পরিচালনা সংক্রান্ত বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়।
১৯৯৯ সালের ২০ জুন ৫৬ জন মেডিক্যাল ক্যাডেট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তির মাধ্যমে আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ যাত্রা শুরু করে। পরবর্তী সময়ে ৫ জুন ২০০৮ সালে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসে্র অধিভুক্ত হয়। বর্তমানে এই কলেজে ছয়টি শিক্ষাবর্ষে মোট ৭৬৩ জন ক্যাডেট অধ্যয়নরত। এ পর্যন্ত ২০টি ব্যাচে বিদেশি ক্যাডেটসহ মোট ১ হাজার ৬৭৮ জন চিকিৎসক হয়েছেন যারা বাংলাদেশ সেনাবাহিনী এবং জাতিসংঘ শান্তি মিশনসহ দেশে-বিদেশে কর্মরত। অন্যান্য ব্যাচের শিক্ষা কার্যক্রম নির্ধারিত সূচি অনুযায়ী চলমান। আর্মড ফোর্সেস মেডিক্যাল কলেজ দেশের একমাত্র আবাসিক চিকিৎসা শিক্ষাপ্রতিষ্ঠান।