বাম গণতান্ত্রিক জোটের হরতালে গাড়িতে হামলা, বিক্ষোভ

গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে বাম গণতান্ত্রিক জোটের ডাকে দেশব্যাপী আধা বেলা (সকাল ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত) হরতাল পালনে রাজধানীর শাহবাগ ও পল্টনে অবস্থান নেয় বাম দলগুলোর কর্মীরা।  এ সময় হরতালকারীরা কয়েকটি গাড়িতে হামলা করে। তারা রাজধানীর শাহবাগ মোড়ে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে।  

 

অন্যদিকে হরতালকারীরা দাবি করেছে, হরতাল পালনের লক্ষে খুলনাসহ দেশের বিভিন্ন এলাকায় আয়োজিত মিছিলে পুলিশ হামলা ও গ্রেফতার করেছে। এদিকে যান চলাচল বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন অফিসগামী যাত্রীরা।

 

রাজধানীর শাহবাগ বাম দলগুলোর কর্মীদের অবস্থানের ফলে  শাহবাগ থেকে সায়েন্সল্যাব অভিমুখী যানবাহনগুলো মৎস্যভবন-বাংলামটর হয়ে হাতিরপুল রুট ব্যবহার করে। অন্যদিকে ফার্মগেট থেকে শাহবাগমুখী গাড়িগুলো হোটেল ইন্টারকন্টিনেন্টাল-মৎস্যভবন রুট দিয়ে বেরিয়ে যায়। সপ্তাহের প্রথম কার্যদিবসে এমন ডাইভারশনের কারণে ব্যাপক যানজটের মুখে পড়েন অফিসগামীরা।

আরো পড়ুন : পাবনা বিএনপির আহ্বায়ক কমিটিতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত তিন নেতা​

এর আগে সোমবার রাজধানীর কমরেড মণি সিংহ সড়কের মুক্তি ভবনে বাসদের কেন্দ্রীয় কার্যালয়ে বাম গণতান্ত্রিক জোটের কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের এক জরুরি সভায় হরতালের সিদ্ধান্ত নেওয়া হয়। বাম গণতান্ত্রিক জোটের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

 

 

ইত্তেফাক/ইউবি