নবাবগঞ্জে ৬ বছরের শিশুকে পিটিয়ে হত্যার অভিযোগে মামলা

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় তরি বাড়ৈ (৬) নামে এক কন্যা শিশুকে পিটিয়ে হত্যার ঘটনায় নিহতের বাবা সুমন বাড়ৈ বাদী হয়ে থানায় হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত শিশু তরি বাড়ৈ উপজেলার দক্ষিণ শোল্লা চন্দ্রপাড়া গ্রামের সুমন বাড়ৈ ও বকুল বাড়ৈ দম্পতির একমাত্র কন্যা। 

মঙ্গলবার (২১ মে) রাতে করা মামলায় অভিযুক্ত আবু সাদ (১৩) ও তার মা শিমু বেগম (৩৫) কে আসামি করা হয়েছে। অভিযুক্তরা একই গ্রামের প্রবাসী আবু সাঈদের ছেলে ও স্ত্রী বলে জানা যায়।

জানা গেছে, মঙ্গলবার রাতে নিজ বাড়ি থেকে তাদের আটক করা হয়। বুধবার দুপুরে আবু সাদ-এর মা শিমু বেগমের ৭ দিনের রিমান্ড চেয়ে তাদের দুজনকে ঢাকার আদালতে পাঠানো হয়েছে বলে নবাবগঞ্জ থানা উপপরিদর্শক অজিত কুমার রায় জানান। প্রাথমিক জিজ্ঞাসাবাদে শিশু মেয়েটিকে মাথায় লাঠি দিয়ে আঘাত করে হত্যার করে অভিযুক্তরা। 

অভিযুক্তরা হত্যার পর লাশ গুম করতে বাড়ির পাশে কলার ঝোপে মাটি চাপা দেওয়ার কথা স্বীকার করেছে বলে বুধবার দুপুরে সংবাদকর্মীদের এ তথ্য নিশ্চিত করেন নবাবগঞ্জ থানার ওসি মো. শাহ জালাল। 

মঙ্গলবার সকাল ১১টা থেকে তরি বাড়ৈ নিখোঁজ ছিল। অনেক খোঁজাখোঁজি করে বিকাল সাড়ে ৪টার দিকে আবু সাদদের বাড়ির পাশের একটি কলাগাছের ঝোপে মাটিতে অর্ধেক পুঁতা অবস্থায় উদ্ধার করে এলাকাবাসী। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।