বরিশালে জুতা কারখানায় আনসার-শ্রমিক সংঘর্ষ, গুলিবিদ্ধ ৪  

বরিশালের বিসিক শিল্প নগরীর ফরচুন সুজ লিমিটেডের কারখানার শ্রমিকদের বকেয়া দুই মাসের বেতনের দাবিতে চলা বিক্ষোভে গুলি চালিয়েছে আনসার সদস্যরা। তাদের ছোড়া ১০ রাউন্ড গুলিতে ৪ শ্রমিক গুলিবিদ্ধ হয়েছে। বৃহস্পতিবার (২৩ মে) দুপুর ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বরিশাল নগরীর কাউনিয়া বিসিকে এ ঘটনা ঘটে। 

জানা গেছে, পুলিশ ও আনসারের লাঠিচার্জে আরও অন্তত ১০ শ্রমিক আহত হয়েছেন। এরপর বিক্ষুব্ধ শ্রমিকরা কোম্পানির বেশ কয়েকটি গাড়ির গ্লাস ভাংচুর করে। ঘটনা নিয়ন্ত্রণে গিয়ে শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে কাউনিয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মোস্তাফিজুর রহমান আহত হয়েছে। এসময় পাঁচ আনসার সদস্যসহ বেশ কয়েকজন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে। আহতদের বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালে ভর্তি করা হয়েছে।  

বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ। ছবি: ইত্তেফাক

গুলিবিদ্ধ পাঁচ শ্রমিক হলেন, উজিরপুর উপজেলার নারায়ণপুরের হানিফ সরদারের ছেলে মেহেদি (২৫), বাবুগঞ্জের রহমতপুরের গোলাম মোস্তফার ছেলে রাজিব (২৫), পিরোজপুরের স্বরূপকাঠি উপজেলার ছারছিনা এলাকার শামসুদ্দোহার ছেলে তামিম (২০), ঝালকাঠীর নলছিটির বাসিন্দা খোকনের ছেলে রাফসান (২০) ও গাইবান্ধার রসুলপুরের মিজানুর রহমান (২০)। 

শ্রমিকরা জানান, দুপুরের দিকে ফরচুন সুজ ফ্যাক্টরিতে বেতন দেওয়া হচ্ছিল। শ্রমিকদের দাবি, তাদের গত দুই মাসের বেতন বকেয়া রয়েছে। কিন্তু এদিন এক মাসের বেতনের অর্ধেক দেওয়া হয়। এতে শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলনে নামে। এসময় ফরচুন সুজ ফ্যাক্টরিতে কর্তব্যরত আনসাররা শ্রমিকদের নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। এ কারণে শ্রমিকদের ক্ষোভ আরও বাড়তে থাকে। শ্রমিকরা তখন ভাঙচুরের চেষ্টা করে। এসময় আনসার সদস্যরা তাদের উপর গুলি চালায়। 

বরিশাল মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার ফারুক হোসেন জানান, শ্রমিকদের আন্দোলনের খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সন্ধ্যার পর মালিক ও শ্রমিক পক্ষ সুষ্ঠু সমাধানের লক্ষ্যে বৈঠকে বসেছে। 

বরিশাল জেলা প্রশাসক শহিদুল ইসলাম ঘটনাস্থলে এসে জানান, মালিক-শ্রমিকদের নিয়ে সমাধানে বসেছে। দ্রুত সমাধানের চেষ্টা চলছে।